• লরির ধাক্কায় দুমড়ে গেল কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, জাতীয় সড়কের দুর্ঘটনায় জখম ৪
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৬
  • ডিউটিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। গুরুতর জখম চার। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপ থানা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে। একটি লরির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরেই ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় গুড়াপ থানার পুলিশ। তারাই সকলকে উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

    সূত্রের খবর, ITBP-র একটি দল স্করপিও করে জাতীয় সড়ক ধরে বীরভূমের মোড়গ্রামে যাচ্ছিল। তাঁদের মধ্যে এক মেডিক্যাল অফিসার, এক সিনিয়র কমান্ড্যান্ট এবং এক নিরাপত্তা রক্ষী ছিলেন। তাঁরা প্রথমে গুজরাট থেকে ট্রেনে পূর্ব মেদিনীপুরের কাঁথি স্টেশনে আসেন। তার পর সেখান থেকে গাড়িতে মোড়গ্রামের দিকে রওনা দেন। তাঁদের স্করপিও গুড়াপ ১৯ নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই ঘটে বিপত্তি।

    সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে স্করপিওটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে। ফলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতরেই আটকে পড়েন। দুর্ঘটনার সময়ে গুড়াপ থানার একটি দল টহল দিচ্ছিল ওই এলাকায়। বিকট শব্দ শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারাই জওয়ানদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

    ঘটনার পরেই লরি নিয়ে চম্পট দেন চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ। তাদের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)