বন্ধ ২ ধারাবাহিকে কি এ বার নতুন প্রযোজক? উঠছে প্রশ্ন
এই সময় | ১৩ এপ্রিল ২০২৬
এই সময়: ঘটনার পরে পেরিয়ে গেল দু’সপ্তাহ। তবে ওডিশার তালসারিতে টেলি সিরিয়ালের শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর বিষয়টি এখনও পরিষ্কার হয়নি টলিউডের কাছে। রবিবার সকালে টালিগঞ্জের শিল্পীদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম’–এর সদস্যরা ফের বৈঠক করেন। সেখানে অভিযুক্ত প্রযোজকদের সঙ্গে কাজ করা, না–করা নিয়ে ভোটাভুটিও হয়।
প্রযোজক সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেড’–এর কোনও প্রযোজনায় কোনও শিল্পী–ডিরেক্টর–কলাকুশলী কাজ করবেন না বলে ৬ এপ্রিল টলিউডের তরফে ঘোষণা করা হয়। দু’টি চ্যানেলে ওই সংস্থার যে দু’টি ধারাবাহিক চলছিল, সেগুলি এখন বন্ধ। ধারাবাহিক দু’টিতে কাজ করা শিল্পীদের একাংশ নিজেদের আর্থিক সমস্যার কথাও জানিয়েছেন। এ দিন ফোরামের তরফে সাংবাদিকদের মুখোমুখি হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী প্রমুখ। প্রসেনজিৎ জানান, প্রযোজনার দায়িত্ব অন্য কারও হাতে গেলে ধারাবাহিক দু’টি আবার চালু হতে পারে এবং চ্যানেলগুলির কর্তৃপক্ষের সঙ্গে শিগ্গিরি এ নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, ‘যত দিন না ওই প্রযোজকরা নির্দোষ প্রমাণিত হচ্ছেন, তত দিন তাঁদের সঙ্গে নতুন কাজ শুরু করা হবে না।’
অভিনেতা দেব ৬ তারিখ জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কাল যাবৎ ‘নিষিদ্ধ হওয়া’ অভিনেতা ও পরিচালকদের ৭২ ঘণ্টার মধ্যে কাজে ফেরানো হবে বলে প্রসেনজিৎ তাঁকে আশ্বাস দিয়েছেন। এ দিন প্রসেনজিৎ বলেন, ‘দেবকে সমর্থন করেই বলছি, ৭২ ঘণ্টায় ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমারও নেই।’ এই সমস্যা নিয়ে ফেডারেশনের সদস্যদের প্রত্যেককে চিঠি দেয় ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (ডিএইআই)। ওই চিঠি দেব সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করে দেওয়ায় তিনি দুঃখ পেয়েছেন বলে প্রসেনজিৎ জানান।
এ দিন প্রসেনজিৎ জানান, বৈঠকে ফোরামের সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়, কারা ‘ম্যাজিক মোমেন্টস’ ও তার ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক আর কারা নন। প্রসেনজিৎ বলেন, ‘অধিকাংশ শিল্পী ওই প্রযোজক জুটির সঙ্গে কাজ করতে অনিচ্ছুক। রাহুলের অকালমৃত্যুর ঘটনা তাঁদের মনে গভীর প্রভাব ফেলেছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে কেউ ব্যক্তিগত ভাবে কাজ করতে চাইলে সংগঠনের আপত্তি নেই। টলিউডে কখনও কাউকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ বা বয়কট করা হয়নি।’
ফোরামের তরফে এ দিন জানানো হয়, ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা জোরদার করতে নতুন একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির কাজও চলছে।