• বেলডাঙায় চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৬
  • মুর্শিদাবাদে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বেলডাঙা স্টেশনের কাছে। অভিযোগ, কলকাতা-বহরমপুর রুটের আপ ১৩১১৭ ধনধান্য এক্সপ্রেস বেলডাঙা স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান ট্রেনের যাত্রীরা। রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীদের একাংশ।

    সূত্রের খবর, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ট্রেনটি বেলডাঙা স্টেশন ছাড়ে। বহরমপুরের দিকে যাওয়ার সময়ে হঠাৎ একদল দুষ্কৃতী ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ যাত্রীদের। বেশ কিছু পাথর ট্রেনের সেকেন্ড ক্লাস কামরার ভিতরে এসে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে যাত্রীরা তড়িঘড়ি জানলা বন্ধ করে দেন। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

    ট্রেন বহরমপুর স্টেশনে পৌঁছতেই বিষয় নিয়ে সরব হন যাত্রীরা। তাঁদের অভিযোগ, ট্রেনের সেকেন্ড ক্লাসের কামরায় কোনও নিরাপত্তা রক্ষী ছিলেন না। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন ওই ট্রেনের যাত্রীরা।

    ধনধান্য এক্সপ্রেসের যাত্রী গগন চৌবে বলেন, ‘আমি গেটের পাশে বসেছিলাম। হঠাৎ একটা পাথর চলন্ত ট্রেনের ভিতরে ঢুকে আসে। তার পর আমরা গেটের সামনে থেকে সরে যাই।’ যদিও ঘটনার কথা অস্বীকার করা হয়েছে রেলের তরফে। রেলের তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও ঘটনার খবর তাদের কাছে নেই।

  • Link to this news (এই সময়)