ভোটার তালিকা ফ্রিজ় হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এ দিকে SIR-এ বাদ ৯০ লক্ষের বেশি নাম। অনেকেই ট্রাইব্যুনালে গিয়েছেন। সোমবার SIR মামলার শুনানিতে তালিকা ফ্রিজ়ের তারিখ নিয়ে কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ভরসা রাখল ট্রাইব্যুনালেই। আধার কার্ড, পাসপোর্ট আছে, অথচ নাম বাদ পড়েছে, এমন ভোটারদের একাংশ এই মামলা করেছিলেন। বৈধ পাসপোর্ট থাকার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মামলায় আদালত এ দিন জানায়, এটা রাজ্য ও নির্বাচন কমিশনের লড়াই নয়। কোনও ব্লেম গেমও নয়। রাজ্য ও নির্বাচন কমিশন— দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে সাধারণ ভোটাররা কার্যত স্যান্ডউইচ হচ্ছেন।
সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের বক্তব্য, ‘এই ব্যাপারে ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবে। আমরা এই নিয়ে কিছু বলব না।’ আদালত জানায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, আজ থেকে ট্রাইব্যুনাল পুরোদমে কাজ শুরু করবে। ফলে কমিশনকে তাদের কাছেই এই ব্যাপারে জানাতে হবে।
নির্বাচন কমিশন আগেই আদালতে জানিয়েছিল, ৯ এপ্রিল তালিকা ফ্রিজ় করার দিন নির্দিষ্ট করেছে তারা। সেই মতো তালিকা ফ্রিজ়ও হয়েছে। এ দিকে তাতে আপত্তি জানিয়ে আদালতে যান যাঁদের আধার কার্ড ও পাসপোর্ট আছে, অথচ নাম বাদ পড়েছে এমন ভোটারদের একাংশ। তাঁদের দাবি, তাঁদের নামও তালিকাভুক্ত করা হোক। সেই আবেদন জানিয়ে গত শুক্রবার সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের হয়েছিল।এ দিন বাংলার SIR মামলার শুনানিতে এ নিয়ে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। SIR সংক্রান্ত মূল যে মামলা, এ দিন তারও শুনানি হবে সুপ্রিম কোর্টে।