আজকাল ওয়েবডেস্ক: বাংলায় ফের পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। ভিনরাজ্যের এক আইপিএস অফিসারকে বাংলার পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হল।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের ভোটের সময় আইন-শঙ্খলা রক্ষার দেখভালের জন্য নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক সর্বানা বিবেক এম। তিনি ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার।
গত ১৫ মার্চ নির্বাচন ঘোষণার দিন থেকেই পুলিশে রদবদল শুরু করেছে নির্বাচন কমিশন। বিগত প্রায় একমাসে বহুবার পুলিশে আদল-বদল করা হয়েছে। ভিনরাজ্যের আধিকারিককে যেমন বাংলার ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনই এ রাজ্যের পুলিশ আধিকারিকদের অন্য রাজ্য়ে বদলি করা হয়েছে।
এই বদলি নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। বিষয়টিকে বাংলার শাসক দল 'কমিশনের ষড়যন্ত্র' ও যুক্তরাষ্ট্রীয় কাটামোয় আঘাত বলে তোপ দেগেছে। ঘটনার নিন্দা জানিয়ে কমিশনে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবুও ক্ষান্ত হয়নি জাতীয় নির্বাচন কমিশন। চলছে পুলিশ আধিকারিক রদবদল, ভিন রাজ্য থেকে এ রাজ্যে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ।