আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবাংলায় আসন্ন ভোট। ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোট হবে বঙ্গে। এই পরিস্থিতিতে সোমবার থেকে তিন দিনের সফরে রাজ্যে এলেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। কমিশনের অন্য আর একটি দল ঘুরবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। সেই দলের নেতৃত্বে রয়েছেন ডেপুটি ডিরেক্টর অপূর্বকুমার সিং।
জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামেন জ্ঞানেশ। সেখান থেক সড়কপথে বীরভূমের দিকে রওনা দেন। জেলাশাসক দপ্তরে তিনি বৈঠক করবেন বলে জানা গেছে। ডেপুটি কমিশনার জ্ঞানেশের সঙ্গে রয়েছেন দু’জন আধিকারিক। দুই বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথা। সন্ধে ৭টায় জ্ঞানেশের নেতৃত্বাধীন দলটি যাবে মুর্শিদাবাদ। সেখানে জেলাশাসক দপ্তরে বৈঠকের পর রাতে ওই জেলাতেই কাটাবেন সকলে। মঙ্গলবার সকালে সফরসূচিতে রয়েছে নদিয়া।
এদিকে, সোমবার অপূর্বের নেতৃত্বাধীন দলও উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে। তাদের সফর শুরু হবে আলিপুরদুয়ার থেকে। তার পর রাজাভাতখাওয়ায় যাবে কমিশনের ওই দল। সেখানকার বুথ পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন আধিকারিকরা। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং যাওয়ার কথা। কমিশনের একটি সূত্রে খবর, ওই দলটি রাজ্যে দিন পাঁচেক থাকবে।
এটা ঘটনা, ধারাবাহিক বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সমন্বয় পর্যালোচনা করাই এই দুই দলের বৈঠকের উদ্দেশ্য।