• মোথাবাড়ি ঘটনায় এবার এনআইএ-র হাতে গ্রেপ্তার ২ কংগ্রেস নেতা
    দৈনিক স্টেটসম্যান | ১৩ এপ্রিল ২০২৬
  • মালদহের মোথাবাড়ির ঘটনায় এবার এনআইএ-র হাতে গ্রেপ্তার কংগ্রেসের দুই নেতা। এসআইআর প্রক্রিয়ার কাজে গিয়ে বিচারকদের আটকে রেখে অশান্তির ঘটনায় আইএসএফের পর এবার কংগ্রেসের যোগ সামনে এসেছে। তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা  এনআইএ-এর হাতে গ্রেপ্তার হয়েছে ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন  আইএনটিইউসি-র মালদহ জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেনকে। রবিবার ফরাক্কা টাউনশিপে এনআইএ ক্যাম্পে রাতভর জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    অন্যদিকে, দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা জেরা করার পর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী ওরফে বাবু চৌধুরীকে ছেড়ে দেয় এনআইএ। যদিও তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং কললিস্ট ও মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সূত্রে খবর, প্রয়োজন হলে তাঁকে আবারও তলব করা হতে পারে। এনআইএ দপ্তর থেকে বেরিয়ে সায়েম চৌধুরী একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন  বিজেপি নয়, মোথাবাড়ি কাণ্ডে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে শাসক দল তৃণমূল।

    উল্লেখ্য, গত ১ এপ্রিল মালদহের কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভিতরে বিচারকদের আটকে রাখার ঘটনা ঘটে, যা রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। এই ঘটনার সূত্র ধরেই রবিবার বিকেলে আলিনগর এলাকা থেকে সায়েম চৌধুরীকে আটক করে এনআইএ। তাঁর সঙ্গে আরও দু’জন কংগ্রেস কর্মী—আসিফ শেখ ও শাহাদাত হোসেনকেও আটক করে ফরাক্কার এনআইএ দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। পৃথক পৃথকভাবে জেরা চলে রাত প্রায় আড়াইটা পর্যন্ত।  পরে সায়েমকে ছেড়ে দেওয়া হলেও বাকি দু’জনকে গ্রেপ্তার করা হয়।

    এই ঘটনায় এর আগেও একাধিক গ্রেপ্তার হয়েছে। রবিবারই এনআইএ গ্রেপ্তার করে স্থানীয় এক আইএসএফ কর্মী গোলাম রাব্বানিকে। তাঁর বাড়ি মোথাবাড়ির প্রতাপপুর গ্রামে। এর আগে পুলিশ গ্রেপ্তার করেছিল মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলি কাদেরিকে। পাশাপাশি, ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে রাজ্যের সিআইডি।

    সব মিলিয়ে মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থা এনআইএ তদন্তে নেমে কয়েক দিনের মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে।তবে এই ঘটনায় এনআইএ-র হাতে প্রথম গ্রেপ্তার গোলাম রাব্বানি। তারপর আসিফ শেখ এবং শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করল এনআইএ। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)