• পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের শুরুতেই বিপত্তি, রায়গঞ্জে বিএলও-র সঙ্গে বচসায় মৃত্যু বৃদ্ধ ভোটারের!
    প্রতিদিন | ১৩ এপ্রিল ২০২৬
  • ছাব্বিশের নির্বাচন (West Bengal Assembly Election) পর্বে আজ থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ। ৮৫ বছরের বেশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ করেন নির্বাচনী আধিকারিকরা। এই কাজের শুরুতেই বিপত্তি রায়গঞ্জে। ভোট নিয়ে বচসার জেরে উত্তেজনাকর পরিস্থিতিতে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। এনিয়ে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক কী ঘটনা ঘটেছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। মহকুমাশাসকও ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিটি কাটিহার গ্রামের বাসিন্দা বছর পঁচাশির তনিজা বিবি। সোমবার সকালে তাঁর বাড়িতে পোস্টাল ব্যালট নিয়ে ভোটগ্রহণ করতে যান স্থানীয় বিএলও অলোক সুর রায়। তিনি ভিটি ভাতগোড়া কাটিহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। তনিজা বিবিকে বলা হয়, পোস্টাল ব্যালটে ভোট দিতে। তিনি জানান, তাঁর হাত অকেজো। তাই ভোটটা তাঁর বদলে বাড়ির অন্য কেউ দিয়ে দেবেন। তাতে বিএলও জানান, সেটা নিয়ম নয়। পোস্টাল ব্যালটে নিজের ভোট নিজেকেই দিতে হবে। প্রয়োজনে সময় নিন তনিজা বিবি, কিন্তু ভোট যেন তিনি নিজেই দেন।

    প্রতিবেশীরা জানাচ্ছেন, একথা মানতে রাজি হননি বৃদ্ধা। তিনি বারবারই দাবি করেন যে তাঁর হয়ে অন্য কেউ ভোট দেবে। এনিয়ে বিএলও-র সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন প্রতিবেশীরা জড়ো হন। এলাকার পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই তনিজা বিবি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তনিজা বিবির।

    এরপর পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। বৃদ্ধার মৃত্যুর নেপথ্যে বিএলও-কে দায়ী করে এলাকাবাসী বিক্ষোভ দেখান, পথ অবরোধ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলায়। ঘটনা নিয়ে স্থানীয় মহকুমাশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘পোস্টাল ব্যালটে ভোট নিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। অসুস্থ হয়ে একজন মারা গিয়েছেন বলে খবর পাচ্ছি। ঠিক কী হয়েছে, সেটা আমরা খতিয়ে দেখছি।”
  • Link to this news (প্রতিদিন)