• ‘হিরণের বাড়িতে দু’টো বৌ, তবে সোহমের একটাই বৌ’, খোঁচা অভিষেকের
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৬
  • কিছুদিন আগেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছেন হিরণ চট্টোপাধ্যায়। এক সময়ে অভিনেতা হিসেবে পরিচিতি থাকলেও, গত কয়েক বছরে তিনি শুধুই রাজনীতিক। সেই বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। অভিযোগ, প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন বিজেপির এই নেতা। সোমবার নদিয়ার করিমপুরে অভিনেতা সোহমের হয়ে ভোটপ্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেল হিরণের দুই বিয়ে প্রসঙ্গ। অভিষেকের খোঁচা, যাঁদের আদর্শ বলে কিছু নেই, তাঁরা বিজেপিই করে।

    সোহম চক্রবর্তীকে করিমপুরে প্রার্থী করেছে তৃণমূল। এ দিন তাঁর হয়ে ভোটের প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে বক্তব্য শেষে সোহম প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বলেন, ‘সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। ২০১৪ সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলাম, ও তখন আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। ও ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে। বাড়িতে দু’টো বৌ। তবে সোহমের একটাই বৌ। যাঁদের আদর্শ আছে, তাঁরা তৃণমূল করেন। যাঁদের আদর্শ নেই, তাঁরা বিজেপি করেন।’

    অভিষেকের দাবি, ‘মাতাল, চোর, চিটিংবাজ, পাতাখোর, বেইমান’দের স্বস্তির ঠিকানা বিজেপি। কোনও ভদ্রলোক বিজেপি করতেই পারে না, দাবি করেন তিনি। তাই তৃণমূল প্রার্থীকেই ভোট দেওয়ার আবেদন জানান বার বার। যদিও অভিষেকের এই বক্তব্য নিয়ে হিরণের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)