• স্বাধীন দেশে জন্মগ্রহণ, রয়েছে বহু নথি! SIR-এ নাম বাদ যাওয়ায় স্বেচ্ছামৃত্যুর আবেদন
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৬
  • SIR-এ নাম বাদ যাওয়ার কারণে স্বেচ্ছামৃত্যুর আবেদন ভোটারদের। চাঞ্চল্যকর ঘটনা হুগলি জেলার আরামবাগে। মহকুমা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন আরামবাগের ৬ জন বাসিন্দা। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে এলাকায়।

    সোমবার দুপুরে সারা গায়ে যাবতীয় নথি সেঁটে তাঁরা মহকুমা শাসকের দপ্তরে আবেদন জমা দিতে যান। জানা গিয়েছে, এই ওয়ার্ডের মোট ২০৬ জনের নাম এসআইআরএ বাতিল করা হয়েছে। যে ছয় জন এ দিন মহকুমা শাসকের দপ্তরে যান, তার মধ্যে তাইবুন্নেসা বেগম গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি ২০ বছর চাকরি করেছেন। মোট ৩৪ বছর সরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষ। তাঁর নিজের পেনশনের কাগজপত্র আছে। পাসপোর্ট-সহ যাবতীয় তথ্য থাকা সত্ত্বেও নাম বাতিল হয়ে গিয়েছে বলে অভিযোগ।

    এ দিন তাঁদের সঙ্গে মহকুমা শাসকের দপ্তরে যান ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন নন্দীও। আবেদনকারীদের দাবি, স্বাধীন দেশে জন্মগ্রহণ করেও বর্তমানে যেন তাঁরা নতুন করে পরাধীন হয়ে পড়েছেন। তাই ডিটেনশন ক্যাম্পে যাওয়ার থেকে স্বেচ্ছামৃত্যুই শ্রেয়। স্বেচ্ছামৃত্যুর আবেদনকারী নুর ইসলাম খাঁ বলেন, ‘আমাদের সবরকম কাগজপত্র আছে। বহু বছর থেকে ভোট দিয়ে আসছি। এত কিছুর পরেও আগামী দিনে আমাদের ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়, এর থেকে মৃত্যু ভালো।’

    এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করে ভোটের মুখে রাজনীতি করতে চাইছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ‘আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।’

  • Link to this news (এই সময়)