ফের শিরোনামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়। কাঁথিতে ভোটারদের মদ খাইয়ে প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এই নিয়ে কমিশনে চিঠি পাঠিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, দক্ষিণ কাঁথি (Kanthi) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস, মহিলা মোর্চার নেত্রী মিনতি গিরি ও তাঁর স্বামী বিজেপি কর্মী চন্দ্রশেখর গিরি দক্ষিণ কাঁথির মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের ১৯৬ নম্বর বুথে প্রকাশ্যে ভোটারদের মদ বিলি করছেন। নির্বাচনের (Bengal Election 2026) আগে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ ডেরেকের। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ।
চিঠিতে জানানো হয়েছে, নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বিজেপি। তৃণমূলের দাবি, কোনও নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার জন্য ভোটারদের মদ বিতরণের ঘটনাটি জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(১) ধারা অনুযায়ী একটি ‘দুর্নীতিমূলক’ কাজ। এই ধরনের কাজ ফৌজদারি অপরাধের শামিল। এই অপরাধ বিএনএসের ১৭১ (ঘুষ) ও ১৭৪ (নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে অর্থ প্রদান) ধারার অধীনে শাস্তিযোগ্য। এভাবে মদ বিলি করে বিজেপি ভোটারদের স্বাধীনভাবে ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে বাধা দিচ্ছে বলে অভিযোগ তৃণমূলের ।
রাজ্যের শাসকদলের দাবি, এই ঘটনায় বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস, মহিলা মোর্চার নেত্রী মিনতি গিরি ও বিজেপি কর্মী চন্দ্রশেখর গিরিকে শোকজ করুক নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে বিএএসের ১৭১ ও ১৭৪ নম্বর ধারায় এবং জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(১) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হোক। মদ বিতরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে অবিলম্বে মজুত করা মদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে তৃণমূল। এই অভিযানের জন্য একটি ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম মোতায়েন করার আর্জি জানানো হয়েছে। অভিযুক্তরা যাতে এর পরে আর কোনও নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত থাকতে না পারেন সেই ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এবিষয়ে বিজেপির দাবি, কাঁথি দক্ষিণে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তৃণমূল এসব অভিযোগ করছে।