অ্যাকাউন্টে কোটি টাকা থাকলেও নেই গাড়ি! কত সম্পত্তির মালিক ফিরহাদ
প্রতিদিন | ১৪ এপ্রিল ২০২৬
কলকাতার মেয়র তিনি। তাঁর কাঁধেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কলকাতা বন্দর এলাকা থেকে টানা তিনবারের বিধায়ক। প্রত্যাশা মতোও এবারও এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ফিরহাদ। গত কয়েকদিন আগেই কলকাতা বন্দরে তৃণমূলের প্রার্থী হিসাবে হলফনামা জমা দিয়েছেন ফিরহাদ। জমা দেওয়া সেই হলফনামার তথ্য বলছে, গত পাঁচ বছরে কলকাতার মহানাগরিকের সম্পত্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে কোটিপতি হলেও নিজের নামে কোনও গাড়ি নেই। একনজরে দেখে নেওয়া যাক কত টাকার সম্পত্তির মালিক ফিরহাদ (Firhad Hakim)?
আগামী ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট (West Bengal Assembly Election) রয়েছে কলকাতা বন্দরে। জমা দেওয়া নির্বাচনী হলফনামায় ফিরহাদ হাকিমের সম্পত্তির হিসাবনিকাশ, বার্ষিক আয়, জমিজমা-সহ বিভিন্ন তথ্য উঠে এসেছে। আর সেই তথ্য অনুযায়ী, গত পাঁচবছরে কলকাতার মেয়রের আয় ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ফিরহাদ হাকিমের বার্ষিক আয় এক কোটি ৭১ লাখ ৬২ হাজার ৮২৪ টাকা। তবে তাঁর হাতে রয়েছে নগদ ১ লক্ষ ৫৩ হাজার ৮০০ টাকা। ব্যাঙ্কে আছে ৪ কোটি ২২ লক্ষ ৭৪ হাজার ৩ টাকা। রয়েছে মোটা অঙ্কের বিনিয়োগও।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্রে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থীর বিনিয়োগ রয়েছে ১৮ লক্ষ ৩৯ হাজার ৪৫৫ টাকা। এছাড়াও আছে সোনা এবং রুপোর গয়না। যার মূল্য ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা। সব মিলিয়ে ফিরহাদ হাকিমের মোট অস্থাবর সম্পত্তি রয়েছে ৭ কোটি ২৭ লক্ষ ৫৬ হাজার ৯৭৬ টাকা। এছাড়াও ৩০ লক্ষ টাকার একটি জমি, এক বাড়ি এবং রয়েছে কমার্শিয়াল বিল্ডিং। সব মিলিয়ে ফিরহাদ হাকিমের মোট স্থাবর সম্পত্তি ২ কোটি ৫১ লক্ষ। অন্যদিকে ফিরহাদ হাকিমের স্ত্রীয়ের নামেও রয়েছে বিপুল স্থাবর এবং অস্থাবর সম্পত্তি।
বলে রাখা প্রয়োজন, এবার কলকাতা বন্দরে বিজেপির প্রার্থী সদ্য জেলমুক্ত রাকেশ সিং। কংগ্রেস অফিসে হামলা, ভাঙচুর-সহ একাধিক মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন। সম্প্রতি রাকেশের জামিন মঞ্জুর করে কলকাতা হাই কোর্ট। এরপরেই ফিরহাদের বিরুদ্ধে কলকাতা বন্দর বিধানসভায় রাকেশকে প্রার্থী করে বিজেপি।