শীতলকুচিতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনায় ধৃত ৬
আজ তক | ১৪ এপ্রিল ২০২৬
Mathabhanga TMC BJP Clash 6 Arrest: নির্বাচনের দামামা বাজতেই ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ। শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণের গাড়ি ভাঙচুর এবং রবিবার রাতের দফায় দফায় অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের মুখে এই সংঘাত নিয়ে রীতিমতো উদ্বেগে জেলা প্রশাসন।
অশান্তির সূত্রপাত রবিবার সন্ধ্যায়। ওই দিন মাথাভাঙার ৫ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। অভিযোগ, প্রচার চলাকালীনই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। দুই পক্ষের এই সংঘর্ষে তৃণমূলের এক কাউন্সিলর-সহ বেশ কয়েকজন জখম হন বলে দাবি শাসক শিবিরের। এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাস্তা অবরোধ শুরু করেন। উত্তেজনার পারদ চড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
ঘটনাটি সেখানেই থমকে থাকেনি। গণ্ডগোলের রেশ পৌঁছায় মাথাভাঙা থানা পর্যন্ত। তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানাতে যান বেশ কিছু নেতাকর্মী। সেই সময় থানার বাইরেও ভিড় জমিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের একদল সমর্থক। ঠিক সেই মুহূর্তেই গাড়ি নিয়ে থানার সামনে দিয়ে যাচ্ছিলেন শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। অভিযোগ, বিক্ষোভকারীরা সাবিত্রীর গাড়ি লক্ষ্য করে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। প্রার্থীর সঙ্গে থাকা আরও একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এই হামলায়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, সাবিত্রী বর্মনকে উদ্ধার করতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। নিরাপত্তার খাতিরে প্রার্থীকে তড়িঘড়ি থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।
সোমবার সকালেও এলাকায় চাপা উত্তেজনা বজায় ছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে মাথাভাঙা থানায় উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পুলিশের শীর্ষ কর্তারা। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রেঞ্জের এডিজি কে জয়রামন, ডিআইজি অঞ্জলি সিংহ এবং পুলিশ সুপার জসপ্রীত সিংহ। বৈঠক শেষে জেলা পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে। এই অশান্তির নেপথ্যে ঠিক কারা রয়েছে, তা সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে।
রাজনৈতিক মহলের মতে, কোচবিহারের এই অশান্তি বিধানসভা নির্বাচনের আগে এক অশনি সংকেত। নিশীথ ও সাবিত্রীর প্রচারকে কেন্দ্র করে এই সংঘর্ষের জেরে এলাকায় বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করেছে কমিশন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।