• প্রচারে কংগ্রেসের ভরসা ‘প্রিয়দা’, ট্যাবলোয় সুসজ্জিত প্রয়াত নেতার ছবি
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: তিনি নেই। কিন্তু তাঁর নামেই ভোট চাইতে হচ্ছে কংগ্রেসকে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা আসনে এবারের ভোটযুদ্ধেও কংগ্রেসের ভরসা প্রিয়রঞ্জন দাশমুন্সি। যে ট্যাবলো কংগ্রেস প্রার্থী গিরিধারী প্রামাণিকের সমর্থনে গ্রামগঞ্জে ঘুরছে, তার সামনে থাকছে প্রিয়র সুসজ্জিত ছবি।

    প্রিয়র গড় হিসাবেই পরিচিত ছিল কালিয়াগঞ্জ। ২০১৭ সালে তাঁর প্রয়াণের পর কালিয়াগঞ্জে হাতের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়েছে। ক্রমে এখানে ঘন হয়েছে পদ্মবন, বেড়েছে ঘাসফুলও। কিন্তু প্রিয়-আবেগে শান দিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেস। তাঁর ছবিকে সামনে রেখেই ভোট প্রচারে নেমেছেন কংগ্রেস প্রার্থী গিরিধারী ও দলীয় নেতারা। কালিয়াগঞ্জে শ্রীকলোনির বাসিন্দা ছিলেন প্রিয়রঞ্জন। পাঁচবারের সাংসদ প্রিয়রঞ্জন কংগ্রেস আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। শুধু রাজনীতি নয়, জাতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন।  সংগঠনের বিভিন্ন দায়িত্ব সামলেছেন যোগ্যতার সঙ্গে। ভোটের সময় কালিয়াগঞ্জে প্রিয়রঞ্জনের বাড়িতে কংগ্রেসের তাবড় তাবড় নেতা, মন্ত্রীরা আসতেন। সেটাই হয়ে উঠত রণকৌশল তৈরির জায়গা। সবার প্রিয় ‘প্রিয়দা’ বর্তমানে না থাকলেও এখনও তাঁর আবেগই ভোট প্রচারের সম্বল কংগ্রেস কর্মীদের। দলের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুজিত দত্ত বলেন, প্রিয়দার ছবি আমরা সমস্ত দলীয় কর্মসূচিতে ব্যবহার করি। ভোট প্রচারের জন্য একটি ট্যাবলো তৈরি করা হয়েছে। সেখানেও থাকছে তাঁর ছবি। পোস্টার, ব্যানারেও প্রার্থীর উপরে থাকছেন প্রিয়দা। ভোট এলেই প্রিয়র স্মৃতি টাটকা হয়ে ওঠে কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর সাধারণ সম্পাদক পঙ্কজ পালের কাছে। তাঁর কথায়, ভোটের সময় আমরা প্রিয়দার নির্দেশের অপেক্ষায় থাকতাম। সকাল থেকে সন্ধ্যা তাঁর বাড়িতেই  কাটত। কিন্তু এখন সবই স্মৃতি। 

    পঙ্কজের সংযোজন, আমাদের রাজনৈতিক অভিভাবক প্রিয়দাকে স্মরণ করে এবারও ভোট প্রচারে নেমেছি। এবছরও তাঁর স্মৃতিকে সামনে রেখে প্রচার কর্মসূচি হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা চালাচ্ছি। এবার লড়াই কঠিন হলেও আদাজল খেয়ে জোর প্রচার চালাচ্ছেন নেতাকর্মীরা। প্রিয়রঞ্জনকে সম্মান জানালেও কংগ্রেসকে পাত্তা দিতে নারাজ জোড়াফুল। তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর সভাপতি সুজিত সরকারের কথায়, প্রিয়দা কালিয়াগঞ্জের উন্নয়ন চেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস সেই উন্নয়ন করছে। প্রিয়দার আশা, স্বপ্ন পূরণ করবে তৃণমূল। তাই কংগ্রেসের প্রয়োজন নেই।
  • Link to this news (বর্তমান)