'বীরভূমে ২ লক্ষ মানুষের চাকরি হবে', সিউড়ি থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বীরভূম: হাতে আর মাত্র ৯ দিন। চলছে ২৬ এর মহারণের তোড়জোর। আর নির্বাচনী প্রচারে কোমড় বেঁধে ময়দানে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সপ্তাহের প্রথম দিনে তিনি ছিলেন বীরভূমের সদর সিউড়িতে। সেখানে তিনি তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জীর সমর্থনে জনসভা করেন। প্রথমেই বীরভূমের একাধিক উন্নয়ন প্রকল্পের কথা তিনি তুলে ধরেন। তার পরেই লড়াকু মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। একের পর এক তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে। তিনি মঞ্চ থেকে বলেন, 'মোদি বাবু যদি ২৯৪টি আসনেই প্রার্থী হন, তবে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। সরাসরি বলুন আপনি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান।' উন্নয়ন প্রকল্পের তালিকা ঘোষণা করা কালীন মুখ্যমন্ত্রীর কাছে ফের গুরুত্ব পেল দেউচা পাচামি কয়লা খনি। তৃণমূলনেত্রী জানান, দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পে ৩২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। সঙ্গে ২ লক্ষ মানুষের কর্মসংস্থানও হবে। মুখ্যমন্ত্রীর এর আগেও দাবি করেছিলেন, আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই প্রস্তাবিত কয়লা খনি থেকে কয়লা উৎপাদন শুরু হলে বিদ্যুতের দামও কমবে আর বহু মানুষের কর্মসংস্থানও নিশ্চিত হবে। দেউচা পাচামিতে বহু জমিদাতাদের হাতেই ইতিমধ্যে চাকরি তুলে দিয়েছে রাজ্য সরকার। সিউড়ির জনসভা থেকে কেন্দ্রকে কর্মসংস্থান ইস্যুতে তোপ দেগে মমতা প্রশ্ন তোলেন, 'মোদীবাবু বছরে ২ কোটি চাকরির কথা বলেছিলেন, সেই চাকরির কী হলো? আমরা এখানে শূন্যপদ পূরণ করতে গেলেই কোর্টে মামলা করে আটকে দেওয়া হয়।' এই প্রসঙ্গ উঠতেই তিনি দেউচা পাচামির কর্মসংস্থানের কথা তুলে ধরেন। এদিন তিনি মঞ্চ থেকেই স্মৃতিচারনা করেন এবং তিনি বলেন, বীরভূমের মাটিতে তাঁর শৈশব কেটেছে। গরমের ছুটিতে মামাবাড়ি যেতেন। পুকুরে সাঁতার থেকে শুরু করে মাঠে ঘোরা সবই করতেন তিনি।