• বুন্দলা ব্রিজের একাংশ ভেঙে বিপত্তি, রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার ভোর রাতে রঘুনাথপুরের কাছে বুন্দলা ব্রিজের একাংশ ভেঙে পড়ে। তার জেরে ওই সেতুর উপর দিয়ে রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎপর হয়েছে প্রশাসন। সোমবার সকাল থেকে পুলিশের তরফে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। এদিন ভাঙা ব্রিজের উপর দিয়ে সাইকেল, বাইক চলাচল করলেও লরি ও যাত্রীবাহী গাড়িগুলিকে ঘুরপথে চালানো হয়। পাশাপাশি ব্রিজের পাশেই বিকল্প রাস্তা তৈরিতে প্রশাসন তৎপর হয়। একাধিক যাত্রীবাহী গাড়ি চলাচল না করায় এদিন বহু মানুষ সমস্যায় পড়ে।

    জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন, রাজ্য সড়কের উপরের থাকা বুন্দলা ব্রিজের বেশকিছু অংশ ভেঙে বিপত্তি ঘটেছে। আপাতত ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে। পুরুলিয়া দিক থেকে আসা বড়ো গাড়িগুলিকে সাঁতুড়ি, চিনপিনা হয়ে ঘুরপথে চালানো হচ্ছে। অন্যদিকে, বরাকর, আসানসোল দিক থেকে আসা গাড়িগুলিকে নিতুড়িয়ার কয়েকটি রাস্তা দিয়ে ঘুরপথে চালানো হচ্ছে। পূর্তদপ্তর দ্রুততার সঙ্গে কাজ করছে। বিকল্প রাস্তা দিয়ে রাতের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর শহরের কাছেই বুন্দলা ব্রিজটি রয়েছে। ব্রিটিশ আমলে তৈরি ব্রিজটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। তার মধ্যেই ঝুঁকির যাতায়াত চলত। পূর্তদপ্তরের উদ্যোগে ব্রিজের পাশে নতুন সেতু নির্মাণের কাজ চলছে। তার মধ্যেই ওইদিন গভীর রাতে আচমকা ব্রিজের একটি অংশ ধসে পড়ে। তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। দুর্ঘটনার আশঙ্কা এড়াতে সঙ্গে সঙ্গে ব্রিজের উপর ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাস, ছোটো গাড়ি ও মালবাহী যানবাহনগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়। তবে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। ব্রিজের পাশে তৈরি অস্থায়ী বাইপাস রাস্তা ব্যবহার করে সাইকেল ও বাইক চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

    পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্রিজের অবস্থা ভালো রয়েছে। তবে ব্রিজের দুই প্রান্তের দিকের অংশের মাটি ধীরে ধীরে ধসে পড়ছে। পাশেই বিকল্প ব্রিজ তৈরি হচ্ছে। যার জন্য মাটি খোঁড়ার ও পাথর ভাঙার কাজ চলছে। ফলে মেশিনের শব্দে অনেকটা ক্ষতি হচ্ছে। যার ফলে ব্রিজের মাটির ধস নেমেছে।

    আসানসোল ও বরাকর যাওয়ার জন্য রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন বাপন মণ্ডল, সুলোচনা রায়। তাঁরা বলেন, বাস ধরে যাব ভেবেছিলাম। কিন্তু, বাস পাইনি। যে বাসগুলি যাচ্ছে, তা ঘুরপথে যাওয়ায় সঠিক সময়ে পৌঁছাতে পারব না। দেখি কী করা যায়।

    বিজেপি নেতা কাজলকৃষ্ণ সিনহা বলেন, তৃণমূলের মতো ব্রিজটিও ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজটি বেহাল থাকলেও তৃণমূল সরকারের নজরে পড়েনি। ব্রিজটি ভেঙে পড়ায় কত মানুষের অসুবিধা হয়েছে। এদিন কত মানুষ চিকিৎসা করতে যাওয়া থেকে শুরু করে জরুরি প্রয়োজনে যেতে পারেনি। 

    রঘুনাথপুর শহর তৃণমূল সভাপতি প্রণব দেওঘরিয়া বলেন, রাজ্য সরকার দ্রুততার সঙ্গে বিকল্প ব্রিজের কাজ করছে। কিন্তু, বিজেপি এই সময় নোংরা রাজনীতি শুরু করে দিয়েছে। বিকল্প রাস্তার কাজ দ্রুতগতিতে চলছে।   রঘুনাথপুরে বুন্দলা ব্রিজে ভেঙে পড়েছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)