• কমিশনের পোর্টালে এক মাসে কোনো অভিযোগ নেই কুলপি, গোসাবা, ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট ঘোষণার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল অভিযোগের পালা! সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দল কেউ বাদ নেই। নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর যে পোর্টাল আছে, সেই ‘সি ভিজিল’-এ এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা থেকে দেড় হাজার অভিযোগ জমা পড়েছে। কিন্তু তার মধ্যে ব্যতিক্রম তিনটি বিধানসভা। নির্বাচন ঘোষণার দিন থেকে থেকে ১২ এপ্রিল পর্যন্ত কুলপি, গোসাবা ও ক্যানিং পূর্ব বিধানসভা থেকে কোনো অভিযোগই আসেনি। ‘সি ভিজিল’-এ এই তিনটি কেন্দ্র থেকে একটিও অভিযোগ নথিভুক্ত হয়নি বলে কমিশিন সূত্রে জানা গিয়েছে। মূলত, সরকারি জায়গায় পতাকা লাগানো থেকে শুরু করে বিনা অনুমতিতে কোনো বাড়ির দেওয়ালে প্রচারের লিখন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, রাজনৈতিক বিবাদ, মারামারি ইত্যাদি অভিযোগ জমা পড়েছে। সেসব অভিযোগের নিষ্পত্তিও করে ফেলা হয়েছে বলে খবর। ভোট ঘোষণা হয়েছে ১৫ মার্চ। তারপর এক মাস হতে চলল। এই সময়কালে জেলায় প্রায় দেড় হাজার অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ভিত্তিহীন হিসাবে খারিজ করা হয়েছে ৫৯টি।

    জানা গিয়েছে, অভিযোগের নিরিখে শীর্ষস্থানে রয়েছে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। কমিশনের তথ্য অনুযায়ী, এই বিধানসভায় ৫২৯টি অভিযোগ জমা পড়েছিল কমিশনের পোর্টালে। তার মধ্যে তিনটির কোনো ভিত্তি পাওয়া যায়নি। ক্যানিং পূর্বে মাঝেমধ্যেই আইএসএফ এবং তৃণমূলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে বড়ো ধরনের গোলমাল বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। যেটুকু হয়েছে, তা নিয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। কুলপিতেও সব দলই তাদের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছে। সেখানে এখনো পর্যন্ত রাজনৈতিক হিংসার ঘটনা তো দূরের কথা, নির্বাচনবিধি লঙ্ঘন হচ্ছে বলেও কেউ অভিযোগ করেনি। প্রশাসনের দাবি, সরকারিভাবে এই তিন কেন্দ্রে কোথাও গোলমাল হয়নি বলেই ধরে নিতে হবে। প্রচার ও অন্যান্য কাজ চলছে নির্বিঘ্নে। কোনো অভিযোগ নেই। গোসাবায় কিছুদিন আগে বিজেপি তৃণমূলের গোলমাল বেধেছিল বলে অভিযোগ। তবে কোনো পক্ষই সরকারিভাবে কমিশনে নালিশ জানায়নি।

    কমিশন সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জ ছাড়াও জয়নগর থেকে জমা পড়েছে ১৪১টি অভিযোগ। সবক’টি অভিযোগই সঠিক বলে গণ্য করা হয়েছে। যাদবপুর থেকে ৯৪টি অভিযোগ নথিভুক্ত হলেও ১৭টি খারিজ করে দেন রিটার্নিং অফিসার। উল্লেখযোগ্য বিষয় হল, ভাঙড় বিধানসভায় যেখানে প্রায়শই গোলমাল হচ্ছে, সেখান থেকে মাত্র ছ’টি অভিযোগ দায়ের হয়েছে কমিশনের পোর্টালে। এছাড়াও ১০ এর নীচে অভিযোগ রয়েছে, এমন বিধানসভাগুলি হল বাসন্তী, ফলতা, কুলতলি ইত্যাদি।
  • Link to this news (বর্তমান)