নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোর করে জমি দখল ও কালো টাকা রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগের মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন আইপিএস কর্তা। সোমবার সকালে ইডি অফিসে পৌঁছান তিনি। দীর্ঘ জেরার পর তাঁকে ছাড়া হয়। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এই মামলায় ডাক পাওয়া রিয়েল এস্টেট ব্যবসায়ী অবশ্য অসুস্থতার অজুহাতে হাজিরা এড়িয়েছেন। সূত্রের খবর, পলাতক বিশ্বজিৎ পোদ্দার (সোনা পাপ্পু) কার কার সঙ্গে যোগাযোগ রাখছে, তার তথ্য পেয়েছে ইডি। পাপ্পুর সাহায্যকারীদের তলব করার কথা ভাবছে কেন্দ্রীয় এজেন্সি। জমিদখল মামলায় অভিযুক্ত সোনা পাপ্পুর ফার্ন রোডের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ইডি। ইডির অভিযোগে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে। তারপর দিনপনেরো পেরোলেও সোনা পাপ্পু অধরা। পুলিশ মহলের একাংশের অভিযোগ, তাকে নিয়ে কী পরিকল্পনা করা হচ্ছে সেই খবর দুষ্কৃতীদের কাছে ফাঁস করে দিচ্ছেন বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগেরই কয়েকজন কর্মী। তাঁদের সঙ্গে অভিযুক্তের নিয়মিত ফোনালাপ হত। তাঁরাই জমিদখলে সাহায্য করেছেন বলে গুঞ্জন পুলিশ মহলে। পলাতক পাপ্পুকে পুলিশেরই কয়েকজন সাহায্য করছেন বলে খবর পুলিশ মহলের। এদিকে সোনা পাপ্পুকে নিয়ে লালবাজারের উপর চাপ বাড়াচ্ছে ইসিআই। তাকে যেকোনোভাবে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।