• ভোটের সময় হুমকি? সরাসরি জানাতে নয়া ইমেল, টোল ফ্রি নম্বর চালু কমিশনের
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের সময় কেউ হুমকি দিলে বা ভীতিপ্রদর্শন করলে এবার সেই অভিযোগ সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে পারবেন ভোটাররা। অশান্তি বা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা থাকলেও কমিশনকে তা সরাসরি জানাতে পারেন ভোটাররা। এজন্য পৃথক টোল ফ্রি নম্বর চালু করল কমিশন। শুধু টোল ফ্রি নম্বর নয়, একটি পৃথক ইমেল আইডি-ও চালু করেছে তারা।

    কমিশন জানিয়েছে, হুমকি দেওয়া, ভয় দেখানো, মারধরসহ নিজের এলাকার কোনো আইনশৃঙ্খলাজনিত যেকোনো সমস্যার কথা সংশ্লিষ্ট ওই টোল ফি নম্বরে ফোন এবং ইমেল করে অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। এমনিতেই ১৯৫০ নম্বরে ফোন করে ভোটারেরা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কমিশন জানিয়েছে, এবার নয়া টোল ফ্রি নম্বর ১৮০০৩৪৫০০০৮-এ ফোন করে সরাসরি কমিশনকে অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। পাশাপাশি wbfreeandfairpolls@gmail.com ইমেলে মেইল পাঠিয়েও অভিযোগ জানানো যাবে। 

    সোমবার থেকেই এই পৃথক টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, ‘নির্বাচন প্রায় এসেই গিয়েছে। এখন আমাদের কাছে আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ আসে। সেই কারণে আমরা পৃথক একটি টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করলাম। যেকোনো সময় সেখানে অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। অভিযোগ পাওয়ার পরে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’ এদিকে, ভোটের  মাত্র দশদিন আগে রাজ্যে আরো এক পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার সর্বানা বিবেক এম-কে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, নির্বাচনি আইনশৃঙ্খলারক্ষার কাজ ঠিকমতো হচ্ছে কি না, তার খেয়াল রাখবেন পুলিশ পর্যবেক্ষক। সেই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট তিনি কমিশনে পাঠাবেন।

    অন্যদিকে, রাজারহাট-গোপালপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির প্রচারে নাইজেরিয়ান ফুটবলারদের অংশগ্রহণ নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। কমিশন স্পষ্ট করে দিয়েছে, বিদেশি কেউ প্রচারে অংশ নিতে পারেন না। পাশাপাশি মাথাভাঙায় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনাতেও রিপোর্ট চেয়েছে কমিশন। ভোটপ্রস্তুতি খতিয়ে দেখতে এদিনই আবার তিনদিনের সফরে রাজ্যে এসেছেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী তাঁর সঙ্গে এসেছেন ডেপুটি ডিরেক্টর অপূর্বকুমার সিং। জ্ঞানেশ ভারতী এদিন দক্ষিণবঙ্গের ভোটপ্রস্তুতি খতিয়ে দেখতে জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলার সঙ্গে বৈঠক করেছেন অপূর্বকুমার সিং। 
  • Link to this news (বর্তমান)