নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটে জিতে এলে কী কী কাজ করবেন বিধায়ক? এলাকার উন্নয়নের কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে? এসব প্রশ্নের জবাব আগাম জনগণকে জানিয়ে দিতে অভিনব উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থীরা বিভিন্ন অঞ্চলে বসাচ্ছেন ‘প্রতিজ্ঞা স্তম্ভ’! সেখানে সংশ্লিষ্ট কেন্দ্রের জন্য ‘তৃণমূলের প্রতিজ্ঞা’ এক এক করে লিখে দেওয়া হচ্ছে। তাতেই স্পষ্ট হচ্ছে তৃণমূল প্রার্থীর আগামী দিনের কর্ম পরিকল্পনা ও উন্নয়নের রূপরেখা।
সোমবার যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার তাঁর বিধানসভা এলাকায় একটি ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ উন্মোচন করেন। আগামীতে যাদবপুর অঞ্চলে নিকাশি থেকে শুরু করে পরিস্রুত পানীয় জল সরবরাহের পরিকাঠামো নির্মাণে তিনি কী কী কাজ করবেন, লেখা রয়েছে সেই স্তম্ভে। কয়েকদিনের মধ্যে যাদবপুরের বিভিন্ন এলাকায় এই ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ বসানো হবে বলে তৃণমূল সূত্রে খবর।
তবে শুধু যাদবপুর নয়, এন্টালি, রাসবিহারী সহ বিভিন্ন কেন্দ্রে এই অভিনব প্রচারের উদ্যোগ নিচ্ছে রাজ্যের শাসক দল। রাসবিহারী বিধানসভার জন্য রাসবিহারী মোড়ে শীঘ্রই নীল রংয়ের ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ বসানো হবে বলে জানা গিয়েছে। ধাপে ধাপে শহরের সমস্ত বিধানসভা এলাকাতেই বেশ কয়েকটি করে এমন স্তম্ভ বসানোর পরিকল্পনা রয়েছে তৃণমূলের। এর আগে কেন্দ্রীয়ভাবে ইস্তাহার প্রকাশের পাশাপাশি বিধানসভাভিত্তিক ইস্তাহারও প্রকাশ করেছে তৃণমূল। তাদের নেতৃত্ব আরও জানাচ্ছে, বিভিন্ন কেন্দ্রে ওয়ার্ডভিত্তিক কাজের খতিয়ান তুলে ধরে বুকলেট করা হয়েছে। সেসব বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে। স্তম্ভের প্রচার সহজেই পথচলতি মানুষের নজরে পড়বে। স্থানীয় সমস্যাগুলি মাথায় রেখে ঠিক করা হচ্ছে সেখানে দেওয়া প্রতিশ্রুতির বয়ান। তৃণমূলের ভোটকৌশলী সংস্থা আইপ্যাক এই প্রচার পদ্ধতি স্থির করেছে। বিধানসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, বাজার চত্বরে যেখান জনসমাগম বেশি, সেসব জায়গা চিহ্নিত করে ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ বসানোর ব্যবস্থা করতে বলা হয়েছে প্রার্থীদের।