নাকা চেকিংয়ে প্রায় ১০ লক্ষ সহ আটক দুই বিজেপি নেতা
বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: গাড়িতে ব্যাগে ভরে আনা হচ্ছিল প্রায় ১০ লক্ষ টাকা। নাকা চেকিংয়ে সেই টাকা সহ ধরা পড়লেন দুই বিজেপি নেতা। সোমবার উস্তি থানার অন্তর্গত হটুগঞ্জের নাকা পয়েন্টে এই ঘটনা ঘটে। দুই বিজেপি নেতার কাছে ওই টাকার হিসাব, নথিপত্র চাওয়া হয়। কিন্তু তাঁরা কিছুই দেখাতে পারেননি। এরপরই দু’জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে মোট ৯ লক্ষ ৮৮ হাজার টাকা পাওয়া গিয়েছে। ধৃতদের মধ্যে একজন মগরাহাট পশ্চিম বিধানসভায় বিজেপির পদাধিকারী। বাড়ি কলকাতার সন্তোষপুর এলাকায়। অপরজনের বাড়ি উস্তিতে। তিনিও ওই বিধানসভায় বিজেপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। গাড়িটি ক্যানিং থেকে আসছিল বলে জেনেছেন তদন্তকারীরা। মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার বলেন, ‘আমরা বারবার বলছিলাম, এখানে উত্তরপ্রদেশ, গুজরাতের মতো টাকার বিনিময়ে ভোট কেনার কৌশল নিচ্ছে বিজেপি। এই ঘটনায় তারই প্রমাণ মিলল।’ এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌরসুন্দর ঘোষকে ফোন করা হলে তিনি ধরেননি। পাশাপাশি, খাস কলকাতায় নাকা তল্লাশিতেও বিপুল টাকা উদ্ধার হয়েছে। পাটুলিতে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি আটক করে স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম। সেই গাড়ি থেকে নগদ ১২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, নির্বাচনের মুখে সোমবার প্রায় ১৬ হাজার টাকার জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করেছে চাকদহ থানার পুলিশ। ধৃতের নাম প্রশান্ত দাস।