• ৬ তলা থেকে মরণঝাঁপ! আইন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যু
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: ছ’তলা থেকে নীচে পড়ে ইএম বাইপাস লাগোয়া সল্টলেকের ‘দ্যা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিকাল সায়েন্সের’ (এনইউজেএস) এক ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হোসেইউয়ান জেবিন (১৯)। তিনি কেরলের বাসিন্দা। বিধাননগর কমিশনারেটের এক পুলিশ আধিকারিক বলেন, হস্টেলের ফিফথ ফ্লোর অর্থাৎ ৬তলা থেকে নীচে ঝাঁপ দিয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন। আত্মঘাতী হওয়ার ঘটনার প্রাথমিক তদন্তে প্রণয়ঘটিত কারণ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। তবে, তা যাচাই করা হচ্ছে। ছাত্রের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা কেরল থেকে কলকাতায় এলে ময়নাতদন্ত করা হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তথা ডিন শমীক সেন বলেন, প্রথমবর্ষের মেধাবী ছাত্র ছিল জেবিন। অধ্যাপকদের সঙ্গে পড়াশোনার আলোচনা নিয়েই থাকত। তিনদিন আগেও একটি নাটকে অংশ নিয়েছিল। ক্যাম্পাসের মধ্যেই ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। মৃত্যুর কারণ তদন্ত করছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হস্টেলের উপর থেকে ভারী কোনও জিনিস মাটিতে পড়ার শব্দ পান অনেকেই। কয়েকজন দেখেন, এক ছাত্র রক্তাক্ত-সংজ্ঞাহীন অবস্থায় নীচে পড়ে রয়েছেন। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ মৃত ছাত্রের বেশ কয়েকজন সহপাঠি ও বন্ধু–বান্ধবদের সঙ্গে কথাও বলেছে। 
  • Link to this news (বর্তমান)