নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়া বিধানসভা কেন্দ্রে ভোটের উত্তাপ বাড়ছে দিনে দিনে। ভোটের মুখে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। বিজেপির বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করতে, ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে এবার ‘থিম সং’-তৈরির পথেই হাঁটলেন তিনি। ইতিমধ্যেই হাবড়া শহর থেকে গ্রামাঞ্চল– সর্বত্রই শোনা যাচ্ছে সেই গান। আর এই গান ঘিরে তৈরি হয়েছে আলাদা রাজনৈতিক আবহ।
সেই সভা থেকেই তিনি জ্যোতিপ্রিয়কে দরাজ ‘সার্টিফিকেট’ দিয়ে বলেন, রেশন দুর্নীতি মামলায় তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। পাশাপাশি তাঁর মন্ত্রিসভায় জ্যোতিপ্রিয় অন্যতম সেরা কাজ করেছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতার আশ্বাস, আপনারা বালুকে জিতিয়ে দিন, হাবড়ার জন্য যা চাইবেন, আমি তা করে দেব। নেত্রীর এই প্রকাশ্য সমর্থনের বার্তা পাওয়ার পর থেকেই আরও চনমনে হয়ে উঠেছেন তৃণমূল প্রার্থী। সংগঠনকে চাঙা করতে কর্মীদের নিয়ে বৈঠক, রাস্তায় মিছিল, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ– কোনও ক্ষেত্রেই খামতি রাখছেন না তিনি। তারই মাঝে এবার যোগ হয়েছে নতুন কৌশল থিম সং। প্রার্থীর মিছিল হোক বা পাড়ায় পাড়ায় জনসংযোগ– সর্বত্রই বাজছে সেই গান। গানটির মূল বার্তা ‘ভরসা’ এবং ‘ঘরের ছেলে’র ইমেজ। গানের কথায় উঠে এসেছে ভরসা মানে শুধুই বালুদা।
পর্যবেক্ষকদের মতে, এই ধরনের থিম সং ভোটারদের আবেগে সরাসরি আঘাত করে। বিশেষ করে স্থানীয় স্তরে পরিচিত মুখের ক্ষেত্রে এই কৌশল কার্যকর হতে পারে। জ্যোতিপ্রিয় নিজেও বারবার বলছেন, তিনি হাবড়ার মানুষ। আর এই কেন্দ্র থেকেই পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, রাজ্যের দুই গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসাবেও কাজ করেছেন তিনি। জ্যোতিপ্রিয় বলেন, গানটিতে হাবড়ার মানুষের মনের কথাই উঠে এসেছে। আমি নিশ্চিত এই কেন্দ্র থেকে আমি জিতবই।
তবে বিরোধী শিবিরে এই নিয়ে বিশেষ হেলদোল নেই। বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল কটাক্ষ করে বলেন, থিম সংয়ের প্রভাব হাবড়ার মানুষের উপর পড়বে না। মানুষ পরিবর্তন চাইছে। এখানে এবার পদ্ম ফুটবেই।