• গেরুয়া শিবিরের প্রার্থী পীযূষ কানোরিয়ার বিরুদ্ধে প্রতারণার ১০টি মামলা! গোবলয়ের সংস্কৃতি নিয়ে ক্ষোভ দলে
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটা দুটো নয়, রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গুনে গুনে ১০টি প্রতারণার অভিযোগ। মামলাগুলি চলছে। নিষ্পত্তি হয়নি। তারই মধ্যে পীযূষ কানোরিয়াকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে ‘না খায়ুঙ্গা না খানে দুঙ্গা’র দল বিজেপি। অভিজাত উপনগরী নিউটাউনের একাধিক বাসিন্দা এই বিষয়টি জানার পর বলছেন, ‘ইউপি-বিহারের মতো দুষ্কৃতী সংস্কৃতি এরাজ্যেও আমদানি করেছে বিজেপি!’

    পীযূষ কানোরিয়ার প্রতারণার ঘটনাগুলি মোটামুটি সবারই জানা। তাছাড়া নিজের নির্বাচনি হলফনামায় বিজেপির প্রার্থীকে মামলাগুলির উল্লেখ করতেই হয়েছে। জানা গিয়েছে, নিউটাউন, লেকটাউন, হাওড়া, বিধাননগর, বটতলা, কসবা, লেক পিএস প্রভৃতি জায়গায় জালিয়াতির জাল ছড়িয়েছিলেন পীযূষ। তারপর প্রতারণা করেন। গ্রেপ্তার হন। জেলে যান। তারপর জামিন পেয়ে এখন ভোটে দাঁড়িয়েছেন। বিজেপি এবং তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ‘পীযূষ কানোরিয়ার প্রতারণার শিকার বহু মানুষ। অনেকে সর্বস্বান্তও হয়েছেন।’

    নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া ২১ পাতার হলফনামার ৪ এবং ৫ নম্বর পাতায় মামলাগুলির উল্লেখ করতে হয়েছে পীযূষকে। তৎকালীন আইপিসি ধারায় অভিযোগগুলি দায়ের হয়েছিল। হলফনামা অনুযায়ী, সেগুলি হল, লেকটাউন থানা—ইউ/এস ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০। হাওড়া থানা—ইউ/এস ৪২০/৫০৬। ৩)। লেকটাউন থানা—ইউ/এস ৪২০/৪০৬। লেকটাউন থানা-ইউ/এস ৪০৬। লেকটাউন থানা—ইউ/এস ৪০৬/৪২০। বিধাননগর সাউথ—ইউ/এস ৪০৬/৪২০। লেকটাউন থানা-ইউ/এস ৪০৬/৪২০। ৮)। বাগুইআটি—ইউ/এস ৩০২। লেকটাউন—ইউ/এস ৪০৬/৪২০। লেক পিএস—ইউ/এস ৪০৬/৪২০। ১২)। বটতলা পিএস—ইউ/এস ৪০৬/৪২০। প্রতারণার প্রসঙ্গে পীযূষবাবু সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভোটের আগে ওসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। তৃণমূলের নোংরা রাজনীতির বিরুদ্ধে মানুষ জবাব দিতে প্রস্তুত।

    একাধিক প্রতারণার ঘটনায় অভিযুক্তকে প্রার্থী করায় বিজেপির উপর অভিজাত নিউটাউনের বাসিন্দারা বেজায় ক্ষুব্ধ। পাশাপাশি বিজেপির অন্দরেও ক্ষোভ কম নেই। প্রসঙ্গত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার নিজেও পীযূষের প্রার্থীপদ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছিলেন কিছুদিন আগে। নিউটাউনের বাসিন্দাদের একাংশের বক্তব্য, ‘দাগিদের নিয়ে রাজনীতি করা বিজেপির অভ্যাস। আমরা সাধারণ মানুষ সবসময় চাই, কলঙ্কমুক্ত ব্যক্তিদের প্রার্থী করুক রাজনৈতিক দলগুলি। নিউটাউনের মতো জায়গায় এরকম একজনকে প্রার্থী করা বিজেপির ঠিক হয়নি।’
  • Link to this news (বর্তমান)