ভোটের ৭২ ঘণ্টা আগে সিল হচ্ছে সীমান্ত, স্পর্শকাতর বুথে নজরদারি
বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ ও হিংসামুক্ত রাখতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে অন্যতম— কোনোভাবেই সিভিক ভলান্টিয়ারদের নির্বাচন সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে না। সোমবার সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন, ভোটের ৭২ ঘণ্টা আগে থেকেই এই নির্দেশ কার্যকর করা হবে।
২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার পাঁচটি মহকুমার অন্তর্গত ৩৩টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। হাতে রয়েছে আর মাত্র দুই সপ্তাহ। তার আগেই জেলাজুড়ে নিরাপত্তা ও নজরদারির যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ইতিমধ্যেই জেলায় মোতায়েন করা হয়েছে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়াকড়ি। জেলায় মোট বুথের সংখ্যা ৮৬৭২টি। এর মধ্যে ১২৮২টি মহিলা বুথ এবং ১৯৭টি অকজিলারি বুথ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি সাধারণ বুথে থাকছে দু’টি করে সিসি ক্যামেরা। একটি বুথের ভিতরে এবং অন্যটি বাইরে। পাশাপাশি স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত একটি ক্যামেরা বসিয়ে নজরদারি আরও জোরদার করা হবে।অন্যদিকে, জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। ভোটের আগে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বনগাঁ ও বসিরহাট মহকুমায় ভোটের ৭২ ঘণ্টা আগে থেকেই সীমান্ত সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে গিয়েই ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা গৌরিসারিয়া বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ভয় ও হিংসামুক্ত নির্বাচন করাতে প্রশাসন বিশেষভাবে তৎপর।