• ফ্ল্যাটের মধ্যে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, ধৃত প্রেমিকা সহ ২, নরেন্দ্রপুরের ঘটনায় চাঞ্চল্য
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফ্ল্যাটের মধ্যে থেকে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধল নরেন্দ্রপুরে। মৃতের নাম অরূপ মণ্ডল (৩৭)। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে গড়িয়া স্টেশন লাগোয়া নবগ্রাম এলাকায়। মৃতের প্রেমিকা ও তাঁর বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে অরূপবাবুর পরিবার। তার ভিত্তিতে পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করেছে। আজ, মঙ্গলবার তাঁদের বারুইপুর আদালতে তোলা হবে।

    ইট, বালি, সিমেন্ট সহ ইমারতি দ্রব্য কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন অরূপবাবু। প্রিয়াঙ্কা দাস নামে এক মহিলার সঙ্গে বিগত পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। অভিযোগ, ব্যবসার জন্য তিনি প্রেমিকার থেকে ধাপে ধাপে বিপুল পরিমাণ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তা শোধ করছিলেন না। এদিকে প্রিয়াঙ্কাদেবী বারে বারে তাঁর প্রেমিকের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছিলেন। এই নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই ঝামেলা হতো।

     রবিবার রাতে আচমকাই গুলির শব্দ পান আবাসনের লোকজন। সেখানে একাই থাকতেন অরূপবাবু। অন্য বাসিন্দারা পুলিশকে খবর দেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই রাতে প্রেমিকার সঙ্গে কথা বলছিলেন অরূপবাবু। তারপর কী ঘটেছে, সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি খুন, তা নিয়েও চলছে তদন্ত। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, প্রিয়াঙ্কা ও তাঁর সঙ্গী মিলে অরূপকে গুলি করে খুন করেছে। পুলিশ ওই ঘর থেকে একটি বন্দুক ও গুলি উদ্ধার করেছে। 

    মৃতের ছোটমামা শঙ্কর নস্কর বলেন, আমার ভাগ্নের মাথার ডান দিকে আঘাত ছিল। অথচ ও বাঁ হাতি। ফলে আমাদের সন্দেহ আছে। পুলিশকেও আমরা সেটা বলেছি। এটা আত্মহত্যা বলে মানতে চাইছে না মৃতের পরিবার। তবে সঠিক কী হয়েছিল, সেটা এখন ধৃতদের জেরা করে জানতে চাইছেন তদন্তকারীরা। তাঁরা জানতে চাইছেন, অরূপের মৃত্যুর সময়ে ওই প্রেমিকা ও তাঁর বন্ধু কোথায় ছিলেন? প্রিয়াঙ্কা কি কোনোভাবে হুমকি দিতেন অরূপকে? প্রশ্নগুলির উত্তরেই লুকিয়ে আছে রহস্যের সমাধান।  শোকাহত মৃত অরূপ মণ্ডলের পরিবার। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)