শামিম আহমেদের সমর্থনে রোড শো জুন মালিয়ার, উৎসাহী মানুষের ভিড়
বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট ঘোষণা হওয়ার পর থেকেই কখনো তিনি নিজে গ্রামে ঘুরে জনসংযোগ করেছেন। আবার কখনো অন্য বিধানসভার প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তবে এবার তাঁর হয়ে রোড শো করতে এলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী শামিম আহমেদের হয়ে সোমবার প্রচার করেন জুন। উত্তর কুসুম কারবালা হাট থেকে উস্তি ভোলার হাট পর্যন্ত রোড শো হয়। তাতে যোগ দেন অসংখ্য মানুষ ও তৃণমূলের কর্মী-সমর্থকরা।
প্রচারের সময় এলাকা ভিড়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। নির্ধারিত সময়ের অনেক দেরিতে কর্মসূচি শুরু হয়। কিন্তু তাতেও দলীয় কর্মীদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। হুডখোলা জিপে প্রার্থী এবং সাংসদ উঠে পড়েন। ধীরে ধীরে গাড়ি এগতে থাকলে ভিড় জমতে শুরু করে রাস্তার দু’ধারে। বাড়ি, দোকানের ছাদ থেকে মহিলা, যুবকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। অভিনেত্রী-সাংসদকে একঝলক দেখার জন্য ও ছবি তুলতে অনেকে এগিয়ে যান। মহিলাদের তরফ থেকে ফুল ছোড়া হয় প্রার্থীর দিকে। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে রোড শো। পড়ন্ত বেলার গরম উপেক্ষা করে এদিন প্রার্থীর হয়ে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাংসদ। মগরাহাট পশ্চিমের গ্রামের ঘিঞ্জি গলি দিয়ে যেতে দীর্ঘ সময় লেগে যাওয়ার কারণে জুন মালিয়ার আর বারুইপুর পশ্চিমে যাওয়া হয়নি। ফলে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় একাই দলীয় কর্মীদের নিয়ে গোবিন্দপুর পোটের মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রোড শো করেন। তৃণমূল প্রার্থীর সঙ্গে সাংসদ জুন মালিয়া।-নিজস্ব চিত্র