• নৈহাটিতে তৃণমূলকে জয়ী করার আহ্বান চিকিৎসক, শিক্ষাবিদদের
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে’র সমর্থনে পথে নামলেন বেশ কয়েকজন চিকিৎসক এবং শিক্ষাবিদ। তাঁরা ভোটারদের ভিডিয়োবার্তার মাধ্যমে সনৎ দে’কে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। ওই চিকিৎসকদের মধ্যে রয়েছেন ডাঃ রণধীর সরকার ও ডাঃ অভীককুমার দাস। তাঁরা বলেন, করোনার সময় সনৎ দে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তা খুবই প্রশংসনীয়। তাঁকে ডাকলে সব সময় পাওয়া যায়। যে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করেন। দেড় বছর আগে উপনির্বাচনে তিনি ৪৯ হাজার ভোটে জিতেছিলেন। তাঁকেই ফের বিধানসভায় পাঠানোর আহ্বান জানাচ্ছি। শুধু চিকিৎসক নয়, শিক্ষাবিদরাও একইভাবে আবেদন জানিয়েছেন। এই দুই আবেদনকে ঘিরে রীতিমতো সাড়া পড়েছে নৈহাটিতে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

    তবে এর মধ্যে বিতর্ক দেখা দিয়েছে শিক্ষাবিদ তথা বঙ্কিম ভবনের ডিরেক্টর রতন নন্দীর আবেদন নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ হওয়ায়। তাঁকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছেন নৈহাটির ছাত্র-ছাত্রী এবং বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় তাঁরাও প্রতিবাদ জানিয়েছেন। নৈহাটি ঋষি বঙ্কিম কলেজের কয়েকজন ছাত্রছাত্রী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে বলেছেন, যে কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে। তিনি কোন প্রার্থীকে পছন্দ করেন, সেব্যাপারে মতামত দিতেই পারেন। নির্বাচন কমিশন পুলিশকে সঙ্গে নিয়ে শিক্ষাবিদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে চলে আসবেন, এটা ভাবতেই পারছি না। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বঙ্কিম ভবনের ডিরেক্টর তথা বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্য রতন নন্দীর বাড়িতে কমিশন হানা দেওয়ায় শোরগোল পড়েছে নৈহাটিতে। যা নিয়ে সরব হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে এবং সাংসদ পার্থ ভৌমিক। তাঁরা জানিয়েছেন, রাজ্যে জরুরি অবস্থা চলছে নাকি? মানুষ ভোটে এর জবাব দেবেন।

    এ ব্যাপারে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, সরকার পোষিত সংস্থার প্রধান হয়ে রতনবাবু কি করে একটি রাজনৈতিক দলের প্রার্থীর হয়ে আবেদন করতে পারেন? তিনি সরকারি চেয়ারে বসে ওই আবেদন করেছেন বলেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। এই বক্তব্যকে খণ্ডন করে রতন নন্দী বলেন, আমি বাড়িতে বসে ব্যক্তিগত মতামত জানিয়েছিলাম। এটা গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত।
  • Link to this news (বর্তমান)