• পরপর শিক্ষক বদলি, ক্ষোভ বারাসত গভর্নমেন্ট হাইস্কুলে
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত গভর্নমেন্ট হাইস্কুলে শিক্ষকদের একের পর এক বদলি ঘিরে তীব্র উদ্বেগ ছড়িয়েছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। এর আগে পাঁচজন শিক্ষক বদলি হয়ে গিয়েছেন। তার মধ্যেই আরও তিনজন শিক্ষকের বদলির অর্ডার এসে পৌঁছেছে। নির্বাচন পর্ব শেষ হলেই তাঁরাও স্কুল ছেড়ে চলে যাবেন। কিন্তু এখনও পর্যন্ত নতুন কোনও শিক্ষক নিয়োগ করা হয়নি। আর এই বিষয়টিই সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে উঠেছে পড়ুয়া থেকে অভিভাবকদের।

    এই পরিস্থিতিতে সোমবার দুপুরে স্কুলের সামনে জড়ো হন ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে চলে বিক্ষোভ। তাঁদের একটাই দাবি, একসঙ্গে এতজন শিক্ষক বদলি হলে স্কুলের স্বাভাবিক পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে। অবিলম্বে বদলি হওয়া শিক্ষকদের পরিবর্তে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। অভিভাবিকা সুপর্ণা ঘোষ ও শিপ্রা ঘোষ জানান, পাঁচজন শিক্ষক চলে যাওয়ার পরেও আবার তিনজনের বদলির নির্দেশ এসেছে। নতুন শিক্ষক এখনও আসেননি। এভাবে চলতে থাকলে স্কুলের পড়াশোনা কার্যত বন্ধ হয়ে যাবে। আমরা চাই, বদলি হলেও শূন্যস্থান যেন দ্রুত পূরণ করা হয়।

    শুধু অভিভাবকরাই নয়, উদ্বেগে রয়েছে পড়ুয়ারাও। দশম শ্রেণির ছাত্র রূপক সাহা বলে, আমরা আমাদের প্রিয় শিক্ষকদের কিছুতেই হারাতে চাই না। তাঁদের পড়ানো ছাড়া আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত বোধ করছি। সব মিলিয়ে এই ঘটনায় স্পষ্ট যে, শিক্ষকদের হঠাৎ ও একযোগে বদলির প্রভাব পড়ছে পড়ুয়াদের উপরও। দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি এখন সবচেয়ে জোরালো হয়ে উঠেছে। যদিও বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।
  • Link to this news (বর্তমান)