• আমাকে কেউ টাইপকাস্ট করেননি: সব্যসাচী
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • দু’বছর পর টেলিভিশনে ফিরলেন অভিনেতা সব্যসাচী চৌধুরি। কেমন সেই অভিজ্ঞতা?

    ২০২৪। ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে শেষবার সব্যসাচী চৌধুরির অভিনয় দেখেছিলেন দর্শক। দু’বছর পর তিনি ফিরলেন টেলিভিশনে। স্টার জলসার ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’-এ অভিনয় করছেন সব্যসাচী। দু’বছরের বিরতি কেন? অভিনেতার উত্তর, ‘এই সময়টা ‘রাপ্পা রায়’ নামের একটা ছবি করলাম। এছাড়া ‘সাধক বামাখ্যাপা’ ছবির কাজে ব্যস্ত ছিলাম। সেখানে অভিনয় করলাম। আবার সৃজনশীল পরিচালক হিসেবেও যুক্ত ছিলাম। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হয়েছিল। টেলিভিশনে ফেরার জন্য ঠিকঠাক চেহারায় ফেরাটা জরুরি।’

    ‘সংসারের সংকীর্তন’-এ সব্যসাচীর চরিত্রের নাম জয়ন্ত। সে পেশায় চিকিৎসক। উত্তর কলকাতার ঘটি বাড়ির ছেলে জয়ন্ত বাবাকে ভারী ভয় পায়। এদিকে দক্ষিণ কলকাতার বাঙাল বাড়ির মেয়ে শান্তির সঙ্গে জয়ন্তর দীর্ঘদিনের প্রেম। অথচ বাবা বলেছে, ঘটি বাড়িতে বাঙাল বউমা ঢুকবে না। তবে উপায়? এ নিয়ে এগিয়েছে চিত্রনাট্য।

    কখনও ‘মহাপীঠ তারাপীঠ’, কখনও বা ‘বামাখ্যাপা’র মতো পুরাণ, ইতিহাস নির্ভর ধারাবাহিকে অভিনয় করার পর ‘জয়ন্ত’র মতো চরিত্রে দর্শক কি সব্যসাচীকে গ্রহণ করবেন? আত্মবিশ্বাসী অভিনেতা বলেন, ‘পৌরাণিক গল্পে কাজ করতে আমার ভালো লাগে। সেজন্য অন্য অফার থাকা সত্ত্বেও আমি ওই ধরনের কাজ পরপর করেছি। তবে অভিনেতা হিসেবে আমি নানা ধরনের চরিত্রে কাজ করতে চাইব। ভালো সুযোগ এসেছে, তাই করছি। আমার তো মনে হয় না, দর্শক একইরকম জিনিস দেখতে চান। ফলে জয়ন্তর চরিত্রেও দর্শকের আশীর্বাদ পাব বলেই আমার বিশ্বাস। বাকি অভিনেতাদের কথা আমি বলতে পারব না, আমাকে কেউ কখনো টাইপকাস্ট করেননি।’

    এই ধারাবাহিকে প্রথমবার মানালী মনীষা দে-র সঙ্গে অভিনয় করছেন সব্যসাচী। গত একমাস শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন? সব্যসাচীর কথায়, ‘মানালী খুব ভালো অভিনেত্রী। অনেক ছোট থেকে কাজ করছে। খুব ডিসিপ্লিনড। একটা প্রসেসের মধ্যে থাকে। সেটা আমার জন্যও খুব সুবিধের।’

    নতুন আশা নিয়ে শুরু হয় যে কোনো প্রজেক্ট। কিন্তু ইদানীং টেলিভিশনে দু’মাসের মধ্যেও ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার নজির রয়েছে। সেই অনিশ্চয়তা কি আশঙ্কা তৈরি করে? সব্যসাচী বললেন, ‘আমি টিআরপি নিয়ে কোনোদিন ভাবিনি। চরিত্র নিয়ে ভাবি। কাজটা যাতে ভালো হয়, সে চেষ্টা করি। বাকিটা ভাবার জন্য অনেকে রয়েছেন।’

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর শ্যুটিংয়ে নিরাপত্তাজনিত ব্যবস্থা রাখা নিয়ে একজোট হয়েছে টলিউড। ধারাবাহিকের ফ্লোরে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কি? সব্যসাচীর জবাব, ‘আমরা ইনডোর শ্যুটিং করছি। ফ্লোরে যা যা নিরাপত্তার ব্যবস্থা প্রয়োজন তা নেওয়া হয়। বাকিটা তো আর্টিস্ট ফোরাম, ফেডারেশন সকলে আলোচনা করে ঠিক করছেন।’

    স্বরলিপি ভট্টাচার্য
  • Link to this news (বর্তমান)