খুচরো মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৪ শতাংশ, তথ্য প্রকাশ কেন্দ্রের
বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
নয়াদিল্লি: ফের বাড়ল খুচরো মুদ্রাস্ফীতি। ফেব্রুয়ারিতে এই হার ছিল ৩.২১ শতাংশ। মার্চে তা সামান্য বেড়ে ৩.৪ শতাংশে পৌঁছাল। মূলত খাদ্যসামগ্রীর ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতিকে ঠেলে তুলেছে। তবে রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সহনশীলতা সীমার মধ্যেই রয়েছে মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে সোনা-রূপোর গয়না, নারকেল, টম্যাটো ও ফুলকপির দাম বেড়েছে। পেঁয়াজ, আলু, রসুন, অড়হর ডাল ও ছোলার দাম কমেছে। অন্যদিকে, মার্চ মাসে বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানিতে মুদ্রাস্ফীতি ছিল ১.৬৫ শতাংশ। রাজ্যভিত্তিক হিসাবে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি তেলেঙ্গানায়, ৫.৮৩ শতাংশ। সর্বনিম্ন মিজোরামে, ০.৬৬ শতাংশ। এ প্রসঙ্গে এএসএসওসিএইচএএম-এর সভাপতি নির্মল কে মিন্দা বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রেখে মূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়।