• স্টান্ট নয়! পুলিশের হাত থেকে বাঁচতে বন্ড স্টাইলে গাড়ির নম্বরপ্লেট বদলালেন মদ্যপ ডাক্তার
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৬
  • এই সময়, হায়দরাবাদ: যা হতে পারত নেহাতই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর রুটিন কেস, সেটাই হয়ে দাঁড়াল জেমস বন্ডের স্টাইলে হলিউড স্টান্ট নকল করে অপরাধের ঘটনা। হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় গত ১০ এপ্রিল নাকা চেকিংয়ের সময়ে নিজের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি নিয়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েন গৌতম রেড্ডি নামের এক চিকিৎসক। পুলিশ ওই চিকিৎসককে আটক করে তাঁর গাড়িটি থানায় নিয়ে আসতেই চক্ষু চড়কগাছ!

    দেখা যায়, গাড়িতে রয়েছে একটি বিশেষ ‘ফ্লিপ সুইচ’, যা টিপলেই গাড়ির নম্বরপ্লেট মুহূর্তে বদলে যায়। ঠিক যেমনটা দেখা যায় ‘গোল্ডফিঙ্গার’ ছবিতে, জেমস বন্ডের অ্যাস্টন মার্টিন ডিবি৫ গাড়িতে। তদন্তে দেখা যাচ্ছে, গাড়ির আসল দিল্লির নম্বরপ্লেটকে লুকিয়ে তেলঙ্গানার একটি নম্বরপ্লেট সামনে আনার ওই কারিগরি কৌশল কোনও চোরবাজার থেকে কেনা মেশিন নয়। কখনও অনলাইনে, কখনও আবার রীতিমতো প্রকাশ্যেই গাড়ি সাজানোর (কার ডেকর) দোকানে এমন বেআইনি মেশিন বিক্রি হচ্ছে মডিফিকেশনের নামে!

    কী ভাবে সামনে এল এই চাতুরি?

    পুলিশ জানাচ্ছে, জুবিলি হিলসের চিরঞ্জীবী ব্লাড ব্যাঙ্কের কাছে নাকা চেকিংয়ে গৌতমের গাড়িটি যখন দাঁড় করানো হয়, তখন চালকের আসনে বসা ওই চিকিৎসকের রক্তে অ্যালকোহলের মাত্রা মোটর ভেহিকলস আইনের নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ছিল। অ্যালকোহল টেস্টে তাঁকে মদ্যপ সাব্যস্ত করে সেই অভিযোগে মামলা রুজু হয়। তিনি নিজের কোনও নথি না–দেওয়ায় তেলঙ্গানা নম্বরপ্লেটের গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং গৌতমকে পরের দিন থানায় হাজিরা দিতে বলা হয়। বিএমডব্লিউ গাড়িটি থানায় আনার পর এক কনস্টেবল গাড়ির ডিকি খোলার চেষ্টা করছিলেন। তখনই চমক!

    ভুলবশত চালকের আসনের পাশের একটি বোতামে তাঁর হাত পড়ে যায়। সঙ্গে সঙ্গে তেলঙ্গানার নম্বরপ্লেটটি ঢাকা পড়ে ওপর থেকে দিল্লির একটি রেজিস্ট্রেশন নম্বরপ্লেট নেমে আসে! খোঁজ নিয়ে দেখা যায়, গাড়ির নম্বর আসলে দিল্লিরই। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তেলঙ্গানার নম্বরপ্লেটকে ‘কভার’ হিসেবে ব্যবহার করছিলেন ওই চিকিৎসক। তাঁর বাড়িতে তদন্তে গিয়ে আরও বড় চমক! পুলিশ দেখে, গৌতমের আরও একটি বিএমডব্লিউ রয়েছে এবং তাতেও দিল্লির নম্বরপ্লেটের উপরে কারসাজি করে ‘কভার’ হিসেবে তেলঙ্গানার নম্বরপ্লেট লাগানো রয়েছে। ফ্লিপ সুইচের মাধ্যমে ব্যবহার করা দ্বিতীয় নম্বরটি ওই গাড়ির না–হলেও সেটি অন্য কোনও বৈধ গাড়িরই নম্বর — প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

    আপাতত ওই চিকিৎসকের নামে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পাশাপাশি প্রতারণা ও ছদ্মবেশ ধারণের মতো গুরুতর ধারাতেও মামলা হয়েছে।

  • Link to this news (এই সময়)