• শ্রমিক বিক্ষোভের ২৪ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত, ন্যূনতম মজুরির হার বৃদ্ধি যোগী সরকারের
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৬
  • বিক্ষোভের আগুন নয়ডায় ছড়িয়ে পড়ার পরে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শ্রমিকের বিক্ষোভকে মান্যতা দিয়ে বড় সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশের যোগী সরকার। সব স্তরের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা হয়েছে।

    সোমবারই শ্রমিক সংগঠন এবং মালিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। তার পরেই মাঝরাতে নয়ডা অথরিটি অফিসে বৈঠকে বসেন তাঁরা। সেখানেই নেওয়া হয় ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত। গৌতম বুদ্ধ নগর জেলার জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম মঙ্গলবার জানিয়েছেন, গভীর রাতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিদ্ধান্তটি অনুমোদন করেছে। এটি ১ এপ্রিল থেকে এই নয়া বেতন হার লাগু করা হবে। তবে একইসঙ্গে মেধা রূপম জানিয়েছেন, এটি একটি অন্তর্বর্তী সিদ্ধান্ত এবং পরবর্তীতে আবারও পর্যালোচনা করা হবে, যার পরে ওয়েজ বোর্ডের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রক্রিয়া শুরু করা হবে।

    সরকারি বিবৃতি অনুসারে, গৌতম বুদ্ধ নগর এবং গাজিয়াবাদের সংশোধিত কাঠামো অনুযায়ী, অদক্ষ শ্রমিকরা এখন প্রতি মাসে ১১,৩১৩ টাকার পরিবর্তে ১৩, ৬৯০ টাকা পাবেন। পাশাপাশি, আধা-দক্ষ শ্রমিকরা ১৫,০৫৯ টাকা এবং দক্ষ শ্রমিকরা মাসে ১৬,৮৬৮ টাকা পাবেন।

    এই পরিবর্তনের জেরে অন্যান্য পুরসভায় অদক্ষ শ্রমিকদের জন্য মাসিক মজুরি বেড়ে দাঁড়াল ১৩,০০৬ টাকা। এ ছাড়া অল্প-দক্ষ শ্রমিকদের জন্য ১৪,৩০৬ টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৬,০২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাকি জেলাগুলোর জন্য অদক্ষ শ্রমিকরা প্রতি মাসে ১২,৩৫৬ টাকা, অল্প-দক্ষ শ্রমিকরা ১৩,৫৯১ টাকা এবং দক্ষ শ্রমিকরা ১৫,২২৪ টাকা আয় করবেন।

    প্রসঙ্গত, শ্রমিক বিক্ষোভের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নয়ডার ফেজ় ২ এলাকা। রাস্তা অবরোধ করে চলে ভাঙচুর, একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান বিক্ষুব্ধ শ্রমিকরা। বন্ধ হয়ে যায় দিল্লির সঙ্গে নয়ডার সংযোগকারী রাস্তা। অশান্তি ছড়িয়ে পড়ে নয়ডার প্রায় ৮০টি জায়গায়। এর পরেই শ্রমিকদের অভাব-অভিযোগ শুনতে শ্রমিক সংগঠন এবং মালিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই অশান্তিতে উস্কানির দেওয়ার ঘটনায় পাক যোগ রয়েছে বলে সন্দেহ করছে প্রশাসনের একাংশ।

  • Link to this news (এই সময়)