• প্যাচপ্যাচে গরমেই কাটবে চৈত্র সংক্রান্তি, নববর্ষে কি স্বস্তির কালবৈশাখী?
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৬
  • চৈত্রের শেষ বেলাতেও দহনজ্বালা অব্যাহত দক্ষিণবঙ্গে। আজ, মঙ্গলবার চৈত্র সংক্রান্তি এবং আগামিকাল পয়লা বৈশাখের উৎসবেও অস্বস্তিকর গরম থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নববর্ষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূমে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি হলেও কমবে না অস্বস্তি। ফলে ঘেমেনেয়ে একসা হয়েই কাটতে চলেছে নববর্ষ।

    আকাশ হালকা মেঘলা থাকলেও আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।

    দক্ষিণবঙ্গেও বজায় থাকবে অস্বস্তিকর গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চৈত্র সংক্রান্তিতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তির সতর্কতা জারি থাকবে। পয়লা বৈশাখ ও বৃহস্পতিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। তবে বৃষ্টি হলেও বজায় থাকবে অস্বস্তিকর গরম।

    চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের পরে উত্তরের সমতলের জেলাগুলোতে চড়বে তাপমাত্রার পারদ।

  • Link to this news (এই সময়)