তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনমোহিনী ইস্তেহার বিজেপির। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ইস্তেহার প্রকাশ করেন। ইস্তেহারে মহিলাদের ভাতা, বিনামূল্যে নানা পরিষেবা এবং একগুচ্ছ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। একই সঙ্গে তামিলনাড়ুর শাসক দল DMK-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।
ইস্তেহারে বলা হয়েছে, তামিলনাড়ুতে বিজেপি ক্ষমতায় এলে প্রতি পরিবারের কর্ত্রীকে মাসে ২ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সঙ্গে প্রতিটি পরিবারকে এককালীন ১০ হাজার টাকার আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়াও, রান্নার গ্যাসের খরচ কমাতে বছরে তিনটি LPG সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। তামিলনাড়ুর বিশেষ উৎসব পঙ্গল, দিওয়ালি এবং তামিল নববর্ষের দিন এই সিলিন্ডারগুলি পাওয়া যাবে।
বিজেপির ইস্তেহারে প্রতিশ্রুতি কৃষকদেরও। তাঁদের জন্য ‘উঝাভে থাই’ প্রকল্প চালুর ঘোষণা করেছে বিজেপি। এই প্রকল্পে কেন্দ্রের পিএম-কিসান যোজনার পাশাপাশি আরও ৩ হাজার টাকা বাড়তি যোগ করবে তামিলনাড়ু সরকার। অর্থাৎ কৃষকরা বছরে মোট ৯ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। এ ছাড়াও, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘জিরো-FIR’ ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। নারীদের উপর হওয়া অপরাধ রুখতে বিচার প্রক্রিয়ায় বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত তৈরির প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। মাদক পাচার রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনাও রয়েছে বিজেপির।
এ ছাড়াও, তামিলনাড়ুর স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। মহিলাদের মাথাপিছু ২৫ হাজার টাকা দেওয়া হবে ই-স্কুটি কেনার জন্য। স্বনির্ভর গোষ্ঠী এবং MSME-দের জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে। একই সঙ্গে জাল্লিকাট্টুর ষাঁড় পালনকারীদের মাসিক ২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। জাল্লিকাট্টু চলাকালীন অংশগ্রহণকারীর কারও মৃত্যু হলে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
উল্লেখ্য, তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল। এই নির্বাচনে বিজেপির লড়াই সেখানকার শাসক দল DMK জোটের বিরুদ্ধে। ভোটের ফল ঘোষণা হবে ৪ মে। নাড্ডার দাবি, ২০২১ সালের ইস্তেহারের ৭০ শতাংশ প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি বর্তমান সরকার। তাই এ বার ঐতিহ্য রক্ষা ও উন্নয়নের কথা মাথায় রেখেই গেরুয়া শিবিরের ইস্তেহার।