আগামী সপ্তাহেই রাজ্যে প্রথম দফার ভোট। ২৩ এপ্রিল ভোট হবে রাজ্যের ১৫২টি কেন্দ্রে। তবে তার আগেই ভোট শুরু হয়ে গিয়েছে। প্রথম দফায় বাঁকুড়ার ১২ কেন্দ্রে ভোট। তার আগে মঙ্গলবার বাঁকুড়ায় ৮৫ বছর ও তার বেশি বয়সি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ দিন সকাল ৮টা থেকে ভোট কর্মীরা তাঁদের বাড়ি গিয়ে ভোট গ্রহণের কাজ শুরু করেছেন।
সকাল থেকেই কড়া নিরাপত্তায় ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটকর্মীরা। ভোটকেন্দ্রে যা যা ব্যবস্থা থাকে, ভোটারের বাড়িতেও সব রকম ব্যবস্থাই রাখছেন তাঁরা। জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচন আধিকারিক অনীশ দাশগুপ্ত জানান, ওই দলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি একজন মাইক্রো অবজ়ার্ভার, ভোট কর্মী থাকছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলির তরফে নির্দিষ্ট প্রতিনিধিকেও থাকতে বলা হয়েছে।
বাঁকুড়ায় আজ থেকেই এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। তবে সংশ্লিষ্ট ভোটারকে নির্ধারিত দিনে বাড়িতে না পাওয়া গেলে দ্বিতীয় বারের জন্য দিন ঠিক করা হতে পারে। জেলায় প্রায় ১২ হাজারের মতো ভোটারের বাড়িতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট ভোটার ও তাঁদের পরিবারের সদস্যরাও। বাঁকুড়া শহরের বাসিন্দা সিদ্ধার্থ সিংহ ঠাকুর বলেন, ‘প্রবীণ নাগরিক হিসেবে আমার জেঠুর ভোট বাড়িতেই নেওয়া হলো। তবে বাড়িতে ভোটদানের ক্ষেত্রে বয়সের সীমা ৮৫ থেকে কমিয়ে ৬০-৬৫ করলে অনেকেরই সুবিধা হতো।’