মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার। মঙ্গলবার সকালে বারুইপুরের পূর্ব ধোপাগাছি এলাকায় পুকুর থেকে এই দেহ উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকাবাসী পুকুরে একটি বস্তা ভাসতে দেখেন। বস্তা থেকে বেরিয়ে ছিল দু’টি পা। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাটি খুলতেই ভিতর থেকে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় মহিলার গলাকাটা মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করার পরে দেহটি বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের শরীরে গলা ছাড়া অন্য কোথাও আঘাতের চিহ্ন মেলেনি। শুধুমাত্র গলার নলি কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঘুমন্ত অবস্থাতেই খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
এলাকার লোকজন জানান, এ দিন সকালে পুকুরে সাদা রঙের একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁদের। দেখে মনে হচ্ছিল ভারী কিছু বস্তাবন্দি আছে। এর পরেই থানায় জানানো হয়। পুলিশ এসে বস্তাটি তুলে দেখে মহিলার দেহ।
স্থানীয় বাসিন্দা যুগল হালদার বলেন, ‘পাড়ার কয়েক জন বলছে, তোমার বাড়ির পাশে মার্ডার হয়েছে। আমি এসে দেখি লোকজন ভর্তি। জলের ধারে বস্তা ভাসছে। পা দেখা যাচ্ছে। তার পরে পুলিশ এসে টোটোয় তুলে নিয়ে গেল। এর আগে কখনও এ রকম ঘটনা আমাদের এখানে ঘটেনি।’