• ‘তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে’, আশঙ্কা প্রকাশ করে বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখতে বললেন মমতা
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৬
  • ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুরের পিংলার সভা থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের নেতা-কর্মীদের ‘প্যারালাল মেশিনারি’ তৈরি রাখার কথাও বলেন তিনি। পাশাপাশি মঙ্গলবারের এই সভা থেকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগেন মমতা। বিহারের SIR-এ লজিক্যাল ডিসক্রিপেন্সি না থাকলেও বাংলায় কেন তা রাখা হলো, তা নিয়ে সরব হন তিনি।

    ভোটের ময়দানে বিজেপির পাশে কেউ নেই। তাই তৃণমূলকে রুখতে নানা হাতিয়ার প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এ দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইসি, ওসি থেকে যত অফিসার আছেন, নির্দেশ দেওয়া হয়েছে যে তৃণমূলের বুথ এজেন্টদের আগে গ্রেপ্তার করে নাও। তাঁরা যাতে বুথে বসতে না পারেন। প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে। একজনকে অ্যারেস্ট করলে আরেকজন। মা বোনেদের এজেন্ট থাকবে, লড়ে যাবে। এত সহজ নয় বাংলাকে কাবু করা।’

    সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রসঙ্গ তুলে এ দিন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। কালকে সুপ্রিম কোর্টও এটা বলেছে। তা হলে বাংলায় কেন? দিল্লি থেকে এসেছে মোটাভাই, সঙ্গে ইডি সিবিআই। যত পারো নাম কাটো ভাই। কারণ বাংলাকে দখল করতে হবে।’

    উল্লেখ্য, সোমবার সকালে ‘SIR’–এর ‘অ্যাজুডিকেশনে’ বাদ পড়া ভোটারদের নাম তালিকায় রাখার জন্য একটি আবেদনের উপরে শুনানি চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। সেখানে আদালতের যুক্তি, বাংলায় ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র তালিকাভুক্ত ভোটাররা রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের দ্বৈরথের মাঝে পুরো ‘স্যান্ডউইচ’ হয়ে গিয়েছেন। এই মুহূর্তে বাংলায় দু’দফার ভোটের জন্যই ভোটার তালিকা ফ্রিজ় হয়ে গিয়েছে। ফলে এই ভোটারদের কেউ এ বার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তার সদুত্তর এ দিন দীর্ঘ শুনানির পরেও স্পষ্ট হয়নি।

    আমজনতার সেই সমস্যার কথাই উঠে এল মমতার বক্তব্যে। কোনও কিছু দিয়েই তৃণমূলকে রোখা যাবে না, এ দিন সে বার্তা দিয়ে মমতার মুখে শোনা গিয়েছে, ‘দুরন্ত খেলা’ খেলে বিজেপিকে ‘পগার পার’ করার কথাও।

  • Link to this news (এই সময়)