• অভিষেক ও রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের!
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অভিষেক ও রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ দিল নির্বাচন কমিশন!‌ তৃণমূল কংগ্রেসের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে এই অভিযোগ করা হয়েছে। রাজ্যের শাসকদলের দাবি, পরাজয় নিশ্চিত বুঝে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি। 

    ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হবে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। প্রথম দফার ভোটের আগে বাকি আর ৯ দিন। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তা। ওই চ্যাটে দাবি করা হয়েছে, স্বাস্থ্যশিবিরের নামে টাকা সরানো হচ্ছে। সেই কারণে সুপ্রিমো মমতা ব্যানার্জি বাদে তৃণমূলের সব নেতা–মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। ওই চ্যাটেই উল্লেখ রয়েছে, অভিষেক ব্যানার্জি ও তাঁর স্ত্রী রুজিরার নাম। মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেন কোনওভাবেই এই দু’‌জনের গাড়ি চেকিংয়ের আওয়ার বাইরে না যায়। সেই মেসেজের স্ক্রিনশট নিয়েই কমিশনকে এবার একহাত নিয়েছে তৃণমূল।  

    তৃণমূল জানিয়েছে, ‘কমিশন হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং সিএপিএফ আধিকারিকদের নির্দেশ দিয়েছে, তৃণমূলের নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের যানবাহনে তল্লাশি চালানোর। এমনকী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ও তাঁর স্ত্রী রুজিরাও গাড়িতেও তল্লাশির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি তৃণমূলের প্রচার সংক্রান্ত কার্যকলাপ, জনসংযোগ কর্মসূচিকেও টার্গেট করা হয়েছে।’ তৃণমূলের অভিযোগ, বিজেপির নির্দেশেই এই কাজ করছে কমিশন। 

     
  • Link to this news (আজকাল)