• নবদম্পতির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন মোদি, কেন?
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে শিলিগুড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফরকালে একটি অকপট ও অপ্রত্যাশিত ভঙ্গি সকলে মনোযোগ আকর্ষণ করেছে। তাঁর সফরকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে মেফেয়ার টি রিসোর্টে এক নবদম্পতির বিয়ের অনুষ্ঠান ব্যাহত হয়েছিল। সেই দম্পতির সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন। অসুবিধার কথা ব্যক্তিগতভাবে স্বীকার করার প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটি উপস্থিত সকলকে অবাক করে দিয়েছে। অত্যন্ত ব্যস্ততাপূর্ণ এই সফরের মাঝে এই সৌজন্যমূলক আচরণকে একটি বিরল মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

    ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন। ভোটগণনা হবে ৪ মে। নির্বাচনের আগে প্রচারপর্ব চলছে সব রাজনৈতিক দলের। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী শিলিগুড়িতে এসেছিলেন। শিলিগুড়ির বিজেপি প্রার্থী তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের সমর্থনে জনসভা করতে এসেছিলেন তিনি। গত এক সপ্তাহ ধরে প্রায় ঝড়ের বেগে প্রচার করছেন মোদি। এক দিনে তিন-চারটি করে কর্মসূচিও থাকছে তাঁর। রবিবার জনসভা ছিল শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে। তাই রাতে শিলিগুড়ির উপকণ্ঠে চা-বলয়ের মাঝে একটি রিসর্টে রাত্রিযাপন করেন।




    ভাইরাল ভিডিও অনুযায়ী, নবদম্পতির নাম অক্ষয় জৈন এবং শ্রেয়া জৈন। রিসর্টে তাঁদের বিয়ের আসরে হাজির হয়ে নবদম্পতির খোঁজ করেন প্রধানমন্ত্রী। এরপর আলাপচারিতা সারেন। আচমকাই করজোড়ে মোদি প্রশ্ন করেন, “আমার কারণে আপনাদের বিয়েতে কোনও অসুবিধা হয়নি তো?”সকলেই জানান, কোনও সমস্যা হয়নি। এরপরে নবদম্পতিকে আশীর্বাদ করে রিসর্ট থেকে বেরিয়ে যান তিনি। 

    সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তটি শেয়ার করা হয়েছে। বিজেপি ভিডিওটি শেয়ার করে লিখেছে, “শিলিগুড়িতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির একটি আন্তরিক মুহূর্ত। তিনি ব্যক্তিগতভাবে নবদম্পতি শ্রেয়া ও অক্ষয়ের কাছে ক্ষমা চেয়েছেন। মেফেয়ার টি রিসোর্টে তাঁদের বিয়ের অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সফরের সময় কড়া নিরাপত্তার কারণে ব্যাহত হয়েছিল। এটি একটি ছোট পদক্ষেপ, কিন্তু এটি এমন একজন নেতার পরিচয় দেয় যিনি প্রত্যেক নাগরিকের বিশেষ মুহূর্তগুলিকে সম্মান ও মূল্য দেন।”
  • Link to this news (আজকাল)