গোর্খাল্যান্ড সমস্যার সমাধান কীভাবে? শাহ বোঝালেন, তবে বাংলা ভাগ করে নয়
আজ তক | ১৪ এপ্রিল ২০২৬
বঙ্গ বিজেপির ইশতেহারে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কলকাতায় বিজেপির নির্বাচনী ইশতেহার বা 'সংকল্প পত্র' প্রকাশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানান, বাংলার ঐক্য বজায় রেখেই পাহাড়ের সমস্যার স্থায়ী সাংবিধানিক সমাধান খোঁজা হবে। উত্তরবঙ্গে ভোট প্রচারে গিয়ে ফের একবার সেই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের জনসভা থেকে শাহ বলেন, 'বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সাংবিধানিক সমাধান করা হবে।'
গোর্খা সমস্যার সাংবিধানিক সমাধান
অমিত শাহ জনসভা থেকে বলেন, পশ্চিমবঙ্গকে না ভেঙেই গোর্খা সমস্যার একটি সাংবিধানিক সমাধান করা হবে। এই সমস্যার স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। পাশাপাশি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি বলেন, এই অঞ্চলে চারটি বড় শহর গড়ে তোলা হবে, যা অর্থনীতি, পরিকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।