• অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের
    দৈনিক স্টেটসম্যান | ১৪ এপ্রিল ২০২৬
  • বিধানসভা ভোটের আগে নতুন করে রাজনৈতিক বিতর্কে জড়াল নির্বাচন প্রক্রিয়া। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নির্বাচন কমিশন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশির নির্দেশ দিয়েছে। এমনটাই অভিযোগ করে দলের তরফে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। তৃণমূলের দাবি, নির্বাচনে নিজেদের হার নিশ্চিত জানতে পেরে এই সমস্ত কাজ করছে বিজেপি ও কমিশন।

    তৃণমূলের দাবি, ওই হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়েছে স্বাস্থ্য শিবিরের আড়ালে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে, সেই কারণেই দলীয় নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশি চালানো হবে। নির্দেশে প্রথমে বলা হয়েছে, মেডিক্যাল ক্যাম্পের আড়ালে টাকা বিলি হচ্ছে। সেকারণে নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, তেহট্ট, রানাঘাট, কাকদ্বীপ, মগরাহাট-২, ডায়মন্ড হারবার-১ ও ২ ব্লক, ফলতা এবং লালবাগে যে সব রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে সেগুলি তল্লাশি করতে হবে।

    এমনকি ওই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে বাকি তৃণমূলের সকল নেতাদের গাড়ি চেক করার কথা উল্লেখ রয়েছে বলেও অভিযোগ। দলের পক্ষ থেকে একটি স্ক্রিনশট প্রকাশ করে বলা হয়েছে, কমিশনের সন্দেহ, অভিষেকের স্ত্রীর মাধ্যমে টাকা পাঠানো হতে পারে। সেই কারণে অভিষেক, তাঁর স্ত্রী-সহ তৃণমূলের সকলের গাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাতে নির্দেশ দিয়েছে কমিশন। তৃণমূলের অভিযোগ, এই পদক্ষেপ সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভোটের আগে দলকে চাপে রাখার চেষ্টা।

    তৃণমূল কংগ্রেস আরও দাবি করেছে, নির্বাচন কমিশন পুলিশ, পর্যবেক্ষক ও কেন্দ্রীয় বাহিনীকে শুধু নেতামন্ত্রী নয়, তাঁদের পরিবারের সদস্যদের গাড়িতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দলের প্রচার ও জনসংযোগ কর্মসূচিতেও বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের।

    এই ঘটনায় কমিশনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তৃণমূলের দাবি, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)