বিধানসভা নির্বাচনের আগে গণনা কেন্দ্রের সংখ্যা নিয়ে একাধিক দফায় পরিবর্তনের পর অবশেষে চূড়ান্ত রূপরেখা তৈরি হল। নির্বাচন কমিশন সূত্রে খবর, এ বারের রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে মোট ৮৭টি গণনা কেন্দ্র থেকে।
প্রথম পর্যায়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে প্রস্তাব পাঠিয়েছিল, তাতে ছিল ১৬৫টি গণনা কেন্দ্রের নাম। পরে তা কমিয়ে আনা হয় ১৫০-এ। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা জারির পর আরও এক দফা পর্যালোচনায় সংখ্যাটি দাঁড়ায় ১১২। শেষ পর্যন্ত সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গণনা কেন্দ্রের সংখ্যা নির্ধারিত হয়েছে ৮৭-এ।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৮৭টি কেন্দ্র থেকেই রাজ্যের ২৯৪টি আসনের ফল ঘোষণা করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং গণনার স্বচ্ছতা বজায় রাখার দিকগুলি বিবেচনা করেই এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
সোমবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সংশ্লিষ্ট সমস্ত নথি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এখন অপেক্ষা শুধুমাত্র কমিশনের চূড়ান্ত অনুমোদনের। সেই শিলমোহর পড়লেই রাজ্য জুড়ে নির্ধারিত ৮৭টি গণনা কেন্দ্র প্রস্তুত হয়ে যাবে ভোটের ফল ঘোষণার জন্য।
নির্বাচন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এই গণনা পর্ব। ফলে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও নজরদারিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত। সব মিলিয়ে, ভোটের দিন ঘনিয়ে আসার পাশাপাশি ফল ঘোষণার প্রস্তুতিও যে জোরকদমে এগোচ্ছে, তা স্পষ্ট।