• রাহুলের সভার আগেই রায়গঞ্জে ভেঙে গেল হেলিপ্যাড
    দৈনিক স্টেটসম্যান | ১৪ এপ্রিল ২০২৬
  • ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে প্রচারের উত্তাপ ক্রমশ বাড়ছে। এই প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা  রাহুল গান্ধী  উত্তর ও দক্ষিণবঙ্গের তিনটি কেন্দ্রে জনসভা করার কথা ঘোষণা করেছেন—রায়গঞ্জ, মালদহের চাঁচল এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে কংগ্রেস প্রার্থী  মোহিত সেনগুপ্তর সমর্থনে তাঁর সভা ছিল।

    তবে সভার আগেই বিতর্ক দানা বাঁধে। অভিযোগ ওঠে, রায়গঞ্জ স্টেডিয়ামের পাশে তৈরি অস্থায়ী হেলিপ্যাডটি সোমবার রাতে ভেঙে ফেলা হয়। কংগ্রেসের দাবি, এই কাজের পিছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাধা দেওয়ার চেষ্টা করেন জেলা কংগ্রেস নেতৃত্ব। তাঁদের বক্তব্য, প্রশাসনের অনুমতি নিয়েই সভার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল, তাই হঠাৎ করে হেলিপ্যাড ভাঙা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

    কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি এই ঘটনাকে ‘ঘৃণ্য রাজনীতি’ বলে আখ্যা দিয়ে অভিযোগ করেন, বিরোধীদের সভা ভণ্ডুল করার চেষ্টা চলছে। একই সুর শোনা যায় অধীররঞ্জন চৌধুরীর বক্তব্যেও; তিনি বলেন, এই ঘটনাই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন।

    অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের নেতা  অরন্দিম সরকার দাবি করেন, কংগ্রেসের প্রচার আটকানোর প্রয়োজন তাদের নেই এবং হেলিপ্যাড ভাঙার ঘটনায় দলের কোনও ভূমিকা নেই।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)