অতি মাত্রায় নিষিদ্ধ মাদকের বলি! জমকালো ‘মিউজিক কনাসর্টে’ মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার
প্রতিদিন | ১৪ এপ্রিল ২০২৬
মাদকের বলি দুই এমবিএ পড়ুয়া! অতিরিক্ত মাত্রায় নিষিদ্ধ মাদক নেওয়ার ফলে তাঁদের মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের! গত ১১ এপ্রিল মুম্বইয়ের গোরেগাওয়ে নেসকো সেন্টারে ছিল একটি জমকালো ‘মিউজিক কনসার্ট’ (সঙ্গীতানুষ্ঠান)। যেখানে ৪ হাজার মানুষের জমায়েত হয়েছিল। ২ হাজার টাকার টিকিট কেটে ওই অনুষ্ঠানে এসেছিলেন দুই পড়ুয়াও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ মাদক এমডিএমএ নেওয়ার পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁরা। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল সেখানে মৃত্যু হয় দুই এমবিএ পড়ুয়ার।
অনুষ্ঠান চলাকালীন রাত বারোটা নাগাদ শ্বাসকষ্ট শুরু হয় পড়ুয়াদের। অসুস্থ ২৪ বছরের তরুণী এবং ২৮ বছরের তরুণকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত্যু হয়। আশঙ্কাজনক আরও এক ২৫ বছরের তরুণীর চিকিৎসা চলছে হাসপাতালে। তিনিও নিষিদ্ধ মাদক নিয়েছিলেন বলেই মনে করা হচ্ছে। পুলিশের বক্তব্য, সঙ্গীতানুষ্ঠানে আসার পথে ট্যাক্সিতে প্রথমবার একটি নিষিদ্ধ মাদক এমডিএমএ ট্যাবলেট খান পড়ুয়ারা। এর পর অনুষ্ঠানস্থলে পৌঁছে আরও একটি ট্যাবলেট খান। এতেই ‘ওভারডোজ’ হয়ে যায়। যার ফলে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে দুই পড়ুয়ার।
পড়ুয়াদের কাছে মাদক বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ বেশ কিছু নিষিদ্ধ মাদক ট্যাবলেট উদ্ধার হয়েছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, মাদক আসত মুম্বইয়ের বাইরে থেকে। এই ঘটনায় এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে অনুষ্ঠানের আয়োজক বিহান ওরফে আকাশ সামাল, নেসকো ইভেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টের সানি বিনোদ জৈন, নিরাপত্তার দায়িত্বে থাকা বালাকৃষ্ণন বলরাম এবং আরও দুই ছাত্রকে। এক বিবৃতিতে নেসকো জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সাহায্য করছে।