• দু’দশকের রাজত্ব শেষ! বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, মসনদে বসছেন কে?
    প্রতিদিন | ১৪ এপ্রিল ২০২৬
  • দীর্ঘ দু’দশকের রাজত্ব শেষ। বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার। মঙ্গলবার দুপুরে তিনি পৌঁছে যান পাটনার লোক ভবনে। সেখানে তিনি রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইনের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরই তিনি তাঁর ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দেন। পাশাপাশি, তিনি বিহারের মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও প্রস্তাব দিয়েছেন।

    ইস্তফা দেওয়ার পর নীতীশ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘২০০৫ সালের ২৪ নভেম্বর বিহারে প্রথমবার এনডিএ সরকার গঠিত হয়েছিল। তখন থেকে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। উন্নয়নের প্রতি আমরা ধারাবাহিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ থেকেছি। হিন্দু, মুসলিম, উচ্চবর্ণ, অনগ্রসর শ্রেণি, দলিত-সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য আমরা কাজ করেছি।’ তিনি বলেন, “আমাদের সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করেছে। নারী এবং যুবকদের উপর আমরা বিশেষ মনোযোগ দিয়েছি। নতুন সরকার এই দায়িত্বগুলি এগিয়ে নিয়ে যাবে এবং বিহারের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকবে।” উল্লেখ্য, গত শুক্রবার রাজ্যসভায় শপথ নিয়েছেন নীতীশ।

    দীর্ঘ দু’দশক পর নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে বিহার। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপি। বিহারের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন থেকে সরকার গঠন গোটা প্রক্রিয়াটির পর্যবেক্ষণে থাকবেন তিনিই।  

    এবার বিহারের মসনদে বসবেন কে? সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকেই বেছে নেওয়া হবে মুখ্যমন্ত্রী পদের জন্য। এর আগে শোনা গিয়েছিল, নীতীশ-পুত্র নিশান্ত কুমার নাকি হতে পারেন বিহারের নতুন মুখ্যমন্ত্রী। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্টই হয়ে গিয়েছিল সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং জোরালো হয়ে উঠতে থাকে সম্রাটের নাম। বিজেপি বিধায়ক গত দু’বছর ধরে বিহারের উপমুখ্যমন্ত্রী। মাত্র ৯ বছর আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েই তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার তাঁকেই বিহারের মসনদে বসাতে চলেছে বিজেপি। স্বাধীনতার পর এ পর্যন্ত পাটলিপুত্রে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী পদে বসেননি। এবার সেই অধরা স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে শোনা যাচ্ছে, উপমুখ্যমন্ত্রী করা হতে পারে নীতীশ-পুত্র নিশান্তকে।
  • Link to this news (প্রতিদিন)