রাজ্যের বিধানসভা নির্বাচনে ভাগ্যপরীক্ষা মোট ২,৯২৬ প্রার্থীর, কোন দফায় কত জন?
প্রতিদিন | ১৪ এপ্রিল ২০২৬
রাজ্যের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দ্বিতীয় দফার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার, ১৩ এপ্রিল। আর মঙ্গলবারই ২৯৪টি আসনের মোট প্রার্থীর সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, ২ হাজার ৯২৬ জন প্রার্থী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজ্যে ২ দফায় বিধানসভা নির্বাচন হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ, জঙ্গলমহল-সহ বাংলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এই ১৫২টি আসনে মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ টি আসনে মোট ১ হাজার ৪৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মনোনয় জমা দেওয়ার শেষ দিন ছিল ৬ এপ্রিল। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ এপ্রিল। শুক্রবারই প্রথম দফার প্রার্থীদের স্ক্রুটিনির কাজ শেষ করে প্রার্থীদের সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন। অন্যদিকে, গতকাল, ১৩ এপ্রিল দুপুর ৩টে পর্যন্ত দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহার করা গিয়েছে। এরপরই দুই দফা মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা প্রকাশ করল কমিশন।
গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ-সহ ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। গতকালই পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। এরপরই মোট প্রার্থীর সংখ্যা প্রকাশ করেছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯৬১ সালের নির্বাচন পরিচালনা বিধি অনুযায়ী অফিসিয়াল গেজেটে প্রার্থীদের নাম ঘোষণা করবেন রিটার্নিং অফিসার। প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত যাবতীয় তথ্য বন্ধ খামে রিটার্নিং অফিসার নিজের কাছে রাখবেন। প্রার্থীদের হলফনামা, তাঁদের সম্পদ ইত্যাদি ECINet অ্যাপে ‘নো ইওর ক্যানডিডেট’ ট্যাবে ক্লিক করলেই জানতে পারবেন আমজনতা।