• নওশাদকে হারাতে বিজেপি-তৃণমূল সেটিং! ভাঙড়ে গেরুয়া প্রার্থীর বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে শওকত মোল্লা
    প্রতিদিন | ১৪ এপ্রিল ২০২৬
  • ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়িতে মঙ্গলবার সকালে হঠাৎ হাজির হলেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)। এমনকী বিজেপি প্রার্থীর মা শওকতের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করলেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপি-তৃণমূল সেটিংয়ের অভিযোগ তুলেছে আইএসএফ ও সিপিএম। যদিও সেই সব অভিযোগ অস্বীকার করেছেন শওকত।

    ভোটের (West Bengal Assembly Election) মুখে রাজ‍্যজুড়ে তৃণমূল ও বিজেপি নেতৃত্ব একে অপরকে তুলোধনা করতে ব্যস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়কে আক্রমণ করছেন। পালটা আক্রমণ শানাচ্ছেন মমতা-অভিষেকও। এই পরিস্থিতিতে এক অন্য চিত্র ধরা পড়ল ভাঙড়ে। মঙ্গলবার সাতসকালে হঠাৎ বিজেপি প্রার্থী জয়ন্তর বাড়িতে চলে যান শওকত। দুই প্রার্থীর মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। প্রার্থীর মা শওকতকে আশীর্বাদও করেন। এর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছে সেটিংয়ের অভিযোগ।

    সিপিএম ও আইএসএফের অভিযোগ, বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের সঙ্গে শওকত মোল্লার দীর্ঘদিনের পরিচয়। জয়ন্তর ভাই তৃণমূলের বুথ সভাপতি এবং দিদি পঞ্চায়েত প্রধান। জয়ন্ত এখনও পর্যন্ত বিজেপির হয়ে তেমনভাবে কোনও প্রচার করেননি। এমনকী মিডিয়ার সামনেও তৃণমূলের বিরুদ্ধে কোনও বক্তব্য রাখেননি। এই নিয়ে আগেই সরব হয়েছিল অন্য বিরোধী দলগুলি। মঙ্গলবারের ঘটনায় ফের একবার বিজেপি-তৃণমূলের সেটিংয়ের অভিযোগ সামনে এল।

    যদিও শওকত মোল্লা সেটিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “বিজেপি প্রার্থীর মা হলেন তৃণমূলের মহিলা নেত্রী। আমার মহিলা নেত্রীর বাড়িতে আমি যাব না? আমরা মরে যাব তবুও বিজেপির সঙ্গে কোনও সেটিং করব না। এই সংস্কৃতি আমাদের নেই। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, হুমায়ুন কবীরদের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে। তৃণমূল কোনও দিন বিজেপির সঙ্গে সেটিং করবে না।”
  • Link to this news (প্রতিদিন)