ভোটগণনার দিন ‘লোডশেডিং’ প্রসঙ্গে বড় মন্তব্য দক্ষিণ কলকাতার ডিইও-র! কী বললেন?
প্রতিদিন | ১৪ এপ্রিল ২০২৬
ভোটগনণার দিন গণনাকেন্দ্রে কারচুপি হতে পারে, তাই এজেন্টরা শেষপর্যন্ত যেন কেন্দ্রে থাকেন। এনিয়ে একাধিকবার দলীয় এজেন্টদের সতর্ক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশের ভোটে গণনার দিন নন্দীগ্রামের ঘটনার কথা উল্লেখ না করেও ‘লোডশেডিং’য়ের আশঙ্কার কথা বুঝিয়ে দিয়েছেন তিনি। ছাব্বিশের মুখে ভবানীপুর কেন্দ্রে সম্মুখসমরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেও গণনার তিনি কারচুপি হতে পারে বলে আশঙ্কা করছেন খোদ তৃণমূল প্রার্থী। এই অবস্থায় ভোটগণনার দিন লোডশেডিং হলে কী ব্যবস্থা করবে কমিশন, এই প্রশ্নের মুখে পড়তে হয় দক্ষিণ কলকাতার ডিইও-র রণধীর কুমারকে। যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে তিনি জবাব দিলেন, ”লোডশেডিং হলে বিকল্প স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে। তাছাড়া লোডশেডিং হবে না।”
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ কলকাতার ডিইও রণধীর কুমার। এখনও পর্যন্ত কত বেআইনি অর্থ, অস্ত্র উদ্ধার হয়েছে, সেসব সবিস্তারে বলেন তিনি। জানান, ৮ কোটি ৯৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে কমিশন। দক্ষিণ কলকাতার চার বিধানসভা কেন্দ্র – ভবানীপুর, বালিগঞ্জ, রাসবিহারী, কলকাতা বন্দর মিলিয়ে মোট ১০৯৩ ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে চারশোর বেশি বুথ স্পর্শকাতর। রাসবিহারী কেন্দ্রের দুটি বহুতলে বুথ হচ্ছে জানান তিনি। দক্ষিণ কলকাতায় মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
এসব তথ্যদানের পরই তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, গণনার দিন দক্ষিণ কলকাতার কোনও গণনাকেন্দ্রে লোডশেডিং হলে কী ব্যবস্থা নিচ্ছে কমিশন। এর জবাবে ডিইও রণধীর কুমার জানান, ‘‘সিএইএসসি থেকে আমাদের বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। লোডশেডিং যাতে না হয়, তা আগে থেকে দেখা হয়েছে। এছাড়াও পাওয়ার ব্যাক আপ থাকছে। গণনাকেন্দ্রগুলিতে সাধারণত বিদ্যুতের ব্যাক আপ থাকে। জেনারেটর থাকবে। বিদ্যুৎ চলে গেলেই স্বয়ংক্রিয়ভাবে জেনারেটর চালু হবে।” লোডশেডিং হবে না বলে মন্তব্য করেন ডিইও। তাঁর এই মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে।