• ফুলশয্যার রাতেই বরের থেকে ৯০ লাখ দাবি কনের, টাকা না পেলে...
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৬
  • যত কাণ্ড উত্তরপ্রদেশে! ফুলশয্যার রাতে স্বামীর কাছে ৯০ লাখ টাকা দাবি করেছিলেন কনে। টাকা না দিলে পুড়িয়ে মারার হুঁশিয়ারি দিতেও পিছপা হননি নববধূ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়।

    সূত্রের খবর, ২৯ এপ্রিল বিয়ে হয়েছিল গৌরব ও কল্পনার। অভিযোগ, বিয়ের প্রথম রাত থেকেই কল্পনা স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকার করেন। পরিবর্তে তিনি দাবি করেন, তাঁর বাবা ও দাদাদের ‘খুশি’ করতে ৯০ লাখ টাকা দিতে হবে। ঘটনায় গৌরবের পরিবারের তরফে একটি FIR-ও দায়ের করা হয়েছে স্থানীয় থানায়।

    সূত্রের খবর, বিয়ের পর থেকেই কল্পনা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকের উপর মানসিক চাপ তৈরি করতেন। অভিযোগ, কল্পনা নিজের এবং তাঁর শাশুড়ির সমস্ত গয়না পরে দেখার নাম করে হাতিয়ে নেন। এর পরে জুলাই মাসে তিনি বাপের বাড়ি চলে যান। অভিযোগ, যাওয়ার সময়ে কল্পনা হুমকি দিয়ে যান,৯০ লাখ টাকা না দিলে সবাইকে মরতে হবে। এর পর থেকে কল্পনার পরিবারের লোকজন ক্রমাগত গৌরবদের পুড়িয়ে মারার হুমকি দিতে থাকেন বলে অভিযোগ।

    আরও জানা গিয়েছে, ২৫ মার্চ কল্পনা তাঁর বাবা নরেন্দ্র, ভাই বিকাশ ও রাহুল এবং ঘটক মুন্না মাস্টারকে নিয়ে গৌরবের বাড়িতে চড়াও হন। তাঁরা পরিবারের লোকজনকে ঘরের ভিতরে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। ৯০ লাখ টাকা জোগাড় করার জন্য গৌরবকে মাত্র দুই ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

    অভিযোগ, কল্পনা ও তাঁর পরিবারের লোকজন এমন কাজও করেছিলেন, যাতে গৌরবের বাড়ির PNG (পাইপড ন্যাচারাল গ্যাস) সংযোগে যে কোনও সময়ে আগুন লেগে যায়। পুরো বিষয়টিকে একটি দুর্ঘটনা দাবি করে পুড়িয়ে মারার ছক কষা হয়েছিল বলে দাবি গৌরবের পরিবারের। ঘটনার পর থেকে কল্পনা ও তাঁর পরিবারের সদস্যরা মাঝেমধ্যেই গৌরবের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেন বলে অভিযোগ। ঘটনায় পুলিশ ইতিমধ্যে একটি মামলা রুজু করেছে। ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)